এবার পালমিরায় সমাধিস্তম্ভ ধ্বংস করল আইএস
সিরিয়ার প্রাচীন শহর পালমিরার তিনটি সমাধিস্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে শহরটি দখলকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা। এর আগে তারা গত মাসে শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন বাল শামিম মন্দির ধ্বংস এবং এর তত্ত্বাবধায়ককেশিরশ্ছেদ করে হত্যা করে। খবর বিবিসির।
সিরিয়ার প্রাচীন নিদর্শনবিষয়ক প্রধান মামুন আবদুল করিম জানান, আইএসের সবশেষ এ ধ্বংসযজ্ঞের মধ্যে রয়েছে ১০৩ খ্রিষ্টাব্দে নির্মিত এলাহবেল টাওয়ার। বেলেমাটির বহুতলবিশিষ্ট টাওয়ারটিকে সেখানকার সবচেয়ে সুসংরক্ষিত নিদর্শনগুলোর একটি বলে মনে করা হতো। ১০ দিন আগে এসব ধ্বংস করা হয়েছে বলে খবর পাওয়ার কথা জানান আবদুল করিম। তবে পরে স্যাটেলাইট থেকে তোলা ছবি দেখে তা নিশ্চিত করা হয়।
ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ পালমিরা সিরিয়ার সরকারি বাহিনীর কাছ থেকে গত মে মাসে দখলে নেয় আইএস। এর কিছুদিন পর থেকে সেখানকার ঐতিহাসিক নিদর্শন একের পর এক ধ্বংস করা শুরু করে তারা। পর্যবেক্ষকেরা মনে করেন, মূলত নিজেদের প্রচারণার জন্য ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করাকে কৌশল হিসেবে বেছে নিয়েছে আইএস। এ ছাড়া দখল করা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিক্রির মাধ্যমে প্রচুর অর্থও জোগাড় করে থাকে এই জঙ্গি সংগঠনটি।