এবার প্রাচীন নগর হাত্রা গুঁড়িয়ে দিল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা এবার ইরাকের প্রাচীন নগর হাত্রার স্মৃতিচিহ্নগুলো গুঁড়িয়ে দিয়েছে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অমূল্য এই স্থাপনাগুলো ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত ছিল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর এএফপি ও বিবিসির।
প্রায় ২ হাজার ২০০ বছর আগে পার্থিয়ান সাম্রাজ্যের যুগে হাত্রা প্রতিষ্ঠিত হয়েছিল। আইএসের জঙ্গিরা এর আগে প্রাচীন অ্যাসিরীয় নগর নিমরুদ এবং মসুলের জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন প্রত্ননিদর্শন ধ্বংস করে। ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল নিয়ন্ত্রণকারী আইএসের যুক্তি, এসব প্রাচীন উপাসনালয় এবং মূর্তিগুলো ‘মিথ্যা’ এবং এগুলো ধ্বংস করা উচিত।
জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো হাত্রার নিদর্শন ধ্বংস করার ঘটনায় নিন্দা জানিয়ে বলেছে, এ কাজের মধ্য দিয়ে আইএস আরব জনগণের ইতিহাস ও ঐতিহ্যকে ‘অবমাননা’ করেছে।
ইরাকের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গত শনিবার বলেন, প্রত্নস্থানটির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাঁদের কাছে স্পষ্ট নয়। তবে তিনি খবর পেয়েছেন, এগুলো ধ্বংস করা হয়েছে।
ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগর মসুল থেকে প্রায় ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে হাত্রার অবস্থান। প্রাচীন রোমানদের আক্রমণ ঠেকাতে সুরক্ষিত দুর্গনগরটি নির্মাণ করা হয়েছিল। সেখানকার স্থাপনাগুলোর প্রধান বৈশিষ্ট্য—মোটা দেয়াল এবং প্রাচ্য ও প্রতীচ্যের নির্মাণশৈলীর অনন্য মিশ্রণ।
ইউনেসকোর মহাপরিচালক ইরিনা বোকোভা বলেন, হাত্রা ধ্বংস করার ঘটনাটি ইরাকের সংস্কৃতি নির্মূল করে দেওয়ার ভয়াবহ কৌশল বাস্তবায়নের একটি বড় দৃষ্টান্ত।
তবে দক্ষিণ ইরাকের নিনেভেহ্ প্রদেশের আইনপ্রণেতা মোহাম্মদ নুরি বলেন, এখন পর্যন্ত হাত্রা ধ্বংস হওয়ার নিশ্চিত খবর পাওয়া যায়নি। জায়গাটি বেশ জনবিরল।