এবার মানুষের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গো খেলার গ্র্যান্ডমাস্টার দক্ষিণ কোরীয় লি সে-দল সুপার কম্পিউটারের সঙ্গে খেলায় গতকাল রোববার প্রথম জয় পেয়েছেন। আগের তিনটি খেলায় তিনি গুগলের তৈরি ওই যন্ত্রের কাছে শোচনীয়ভাবে হেরে যান। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ঐতিহ্যবাহী এই চীনা খেলায় মানুষ আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লড়াই বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
গুগলের আলফাগো প্রোগ্রামের বিরুদ্ধে লির গতকালের গো খেলাটি প্রায় পাঁচ ঘণ্টায় শেষ হয়। আলফাগো আগেই তিনটি জিতে পাঁচ ম্যাচ সিরিজে জয় নিশ্চিত করেছে। চতুর্থ ম্যাচের প্রথম দিকে লি হিমশিম খেলেও শেষ দিকে এগিয়ে যান। একপর্যায়ে তাঁর মেধা আর মনঃসংযোগের ক্ষমতার কাছে হার মানে সুপার কম্পিউটার।
৩৩ বছর বয়সী লি বর্তমানে বিশ্বের সেরা গো খেলোয়াড়দের একজন। তিনি ১৮টি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন, যা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। গতকাল আলফাগোর বিরুদ্ধে বহুকাঙ্ক্ষিত জয়ের পর তিনি বলেন, ‘আমি আজ এর চেয়ে বেশি খুশি হতে পারতাম না...এ জয় অমূল্য।’