এবার মার্কিন দূতকে 'সমকামী' বললেন প্রেসিডেন্ট দুতার্তে

ভয়ানক সব মন্তব্য করার জন্য সুপরিচিত ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে। এবার তাঁর দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ‘সমকামী’ বলে মন্তব্য করে ঝড় তুললেন। ক্ষুব্ধ মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটিতে ফিলিপাইন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে দুতার্তের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে।
গত শুক্রবার এক টেলিভিশন ভাষণে ওই মন্তব্য করেন দুতার্তে। স্থানীয় তাগালগ ভাষায় তিনি মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গের ওপর তাঁর ক্ষোভ ঝাড়েন। দুতার্তে বলেন, ‘আপনারা জানেন, আমি জন কেরির দূতের সঙ্গে লড়াই করছি। এই সমকামী রাষ্ট্রদূত...’ এটুকু বলে অশ্রাব্য ভাষায় গালি দেন রাষ্ট্রদূতকে।
মে মাসে সাধারণ নির্বাচনে নির্বাচিত হন দুতার্তে। নির্বাচনী প্রচারণার সময়ও নানা অশ্লীল কথা বলেন তিনি। দুতার্তের বাক্যবাণ থেকে স্থানীয় নির্বাচনী প্রতিপক্ষ থেকে শুরু করে ধর্মগুরু পোপ—কেউই রেহাই পাননি। দুতার্তের এই মন্তব্যে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গত সোমবার যুক্তরাষ্ট্রে ফিলিপাইনের চার্জ দ্য অ্যাফেয়ার্স প্যাট্রিক চুয়াসোটোকে ডেকে পাঠায় দপ্তর। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, ‘আমাদের বৈঠক হয়েছে। প্রেসিডেন্টের রদরিগো দুতার্তের এ মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে।’