এবার মুসলিমদের প্রতি সমর্থন গুগলপ্রধানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন সৌদি প্রিন্স ধনকুবের আলওয়ালিদ বিন তালালও। আর সরাসরি ট্রাম্পের নাম উল্লেখ না করলেও খোলা এক চিঠিতে যুক্তরাষ্ট্রের অভিবাসী মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।
এএফপি জানায়, প্রিন্স আলওয়ালিদ বিন তালাল শুক্রবার রাতে তাঁর দাপ্তরিক টুইট অ্যাকাউন্টে লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্প, আপনি শুধু রিপাবলিকান পার্টির কাছেই না, বরং গোটা যুক্তরাষ্ট্রের জন্যই লজ্জার কারণ ও কলঙ্ক।...প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান, কারণ আপনি কখনোই জয়ী হবেন না।’
প্রিন্স আলওয়ালিদ কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান। তিনি সৌদি রাজপরিবারের প্রথাবিরুদ্ধ স্পষ্টবাদী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি ধার্মিক তবে মধ্যপন্থী বলেই পরিচিত। আলওয়ালিদের টুইট বার্তাটি ট্রাম্পের ‘ইসলামবিরোধী মন্তব্যের’ প্রতিক্রিয়া বলে এক বিবৃতিতে গতকাল শনিবার জানায় তাঁর দপ্তর।
এদিকে, টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গুগলের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই মুসলমানদের সমর্থন করে একটি খোলা চিঠি লিখেছেন। ‘আতঙ্ক যেন আমাদের মূল্যবোধকে পরাস্ত করতে না পারে’ শিরোনামের ওই চিঠিতে তিনি লেখেন, ‘এটা শুধু সুযোগ-সুবিধার বিষয় নয়। খোলা মন, সহনশীলতা, নতুন আমেরিকানদের গ্রহণ করার মানসিকতা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শক্তিমত্তার জায়গা এবং সংজ্ঞায়িত করার মতো এক বৈশিষ্ট্য। এটা কোনো কাকতালীয় বিষয় নয়। যুক্তরাষ্ট্র অভিবাসীদের দেশ ছিল এবং এখনো আছে।’
প্রায় ২২ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী পিচাই ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও তাঁকেই যে উদ্দেশ্য করে সেটি লিখেছেন তা স্পষ্ট। ট্রাম্পের বিদ্বেষমূলক মন্তব্যের পর এর আগে তথ্যপ্রযুক্তি জগতের আরেক মহারথী ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মুসলমানদের সমর্থনে এগিয়ে আসেন। ট্রাম্পের বক্তব্যের নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কিংবদন্তিতুল্য মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, রিপাবলিকান পার্টির আরেক মনোনয়নপ্রত্যাশী জেব বুশ ও ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। ক্যালিফোর্নিয়ায় ‘উগ্রপন্থী’ মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হওয়ার জেরে ডোনাল্ড ট্রাম্প গত সোমবার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার প্রস্তাব করে এই তোপের মুখে পড়েন। তিনি মসজিদে মসজিদে নজরদারিরও প্রস্তাব দেন।