এবার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা হামাসের

ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজ রোববার সকাল থেকে আবারও গাজায় হামলা শুরু করার কয়েক ঘণ্টা পর এবার ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে হামাস। হামাসের এক মুখপাত্র বিবৃতিতে জানান, আজ স্থানীয় সময় বেলা দুইটা থেকে এ যুদ্ধবিরতি শুরু হবে।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি বিবৃতিতে বলেন, ‘রমজানের শেষ, জাতিসংঘের মধ্যস্থতা এবং আমাদের জনগণের পরিস্থিতি বিবেচনা করে আমরা ২৪ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এটি আজ বেলা দুইটা থেকে শুরু হবে।’
যদিও হামাসও জানিয়েছিল, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফিরতে দেওয়া না হলে তারা যুদ্ধবিরতি গ্রহণ করবে না।
বিবিসির অনলাইনের খবরে বলা হয়, জাতিসংঘের অনুরোধে ও মানবিক কারণে গতকাল ২৪ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। এ যুদ্ধবিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত জারি থাকার কথা। তবে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই হামাস রকেট ছুড়েছে বলে অভিযোগ তোলে ইসরায়েল। এ অজুহাতে সকাল থেকে আবারও গাজায় বিমান, স্থল ও নৌ হামলা হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের হামলা শুরুর কয়েক ঘণ্টা পরই হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা এল।
গত ১৯ দিনে গাজায় ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলায় এক হাজার ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া হামাসের ছোড়া রকেট হামলায় ইসরায়েলের ৪৬ জন নিহত হয়েছে।