মালয়েশিয়ার বিনিয়োগ তহবিল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরে দুটি ব্যাংক হিসাব জব্দ করেছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ওয়ানএমডিবি বা ‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ নামের প্রতিষ্ঠানটির ৭০ কোটি ডলার নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
গতকাল বুধবার সিঙ্গাপুরের পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৫ জুলাই আমরা ওই দুই ব্যাংক হিসাবে সব ধরনের লেনদেন বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ পাই। পরে হিসাব দুটি জব্দ করা হয়।’ তবে ওই হিসাব দুটি কোন ব্যাংকে এবং কার নামে—‘তদন্তের স্বার্থে’ এই বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। ওয়ানএমডিবির একজন মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
আলোচিত এই ঘটনায় এই প্রথম মালয়েশিয়ার বাইরের কোনো দেশের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। নগররাষ্ট্র সিঙ্গাপুরের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়ানএমডিবি ঘটনায় মালয়েশিয়ার সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রী নাজিব রাজাক মালয়েশিয়ার সরকারি মালিকানাধীন ওই বিনিয়োগ তহবিলের চেয়ারম্যান। ওয়ানএমডিবি এক হাজার ১০০ কোটির ডলারেরও বেশি ঋণে জর্জরিত। এর বিপুল পরিমাণ অর্থ বেহাত হওয়ার অভিযোগ রয়েছে।
৩ জুলাই যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়ালস্ট্রিট জার্নাল এর এক খবরে বলা হয়, সিঙ্গাপুরের ফ্যালকন ব্যাংকে নাজিব রাজাকের একটি ব্যক্তিগত হিসাবে অন্তত ৭০ কোটি ডলার জমা দেওয়া হয়েছে।