এবার সিরিয়ায়ও আইএসের বিরুদ্ধে মার্কিন হামলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালাতে সিরিয়ায়ও সামরিক অভিযানের কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে ওয়াশিংটন। গত শুক্রবার রাতে হোয়াইট হাউস এ কথা জানিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতি সম্ভাব্য হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতেও প্রস্তুত ওয়াশিংটন।
এদিকে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে শিরশ্ছেদ করে হত্যার ঘটনাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইএসের ‘সন্ত্রাসবাদী আক্রমণ’ বলে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। খবর এএফপি ও বিবিসির।
হোয়াইট হাউস বলেছে, আইএসকে দমাতে ইরাকের প্রতিবেশী সিরিয়ায়ও বিমান হামলা চালানোর প্রয়োজন হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টা বেন রোডস বলেছেন, আইএসের বিরুদ্ধে কোনো কৌশল নিতে চাইলে ইরাক ও সিরিয়া—দুই দেশের সীমান্ত অঞ্চলের কথাই বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি মার্কিন নাগরিকদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে দেখি বা বিশ্বের কোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড দেখি, তাহলে এসব হুমকির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে প্রস্তুত।’ বেন রোডস আরও বলেন, ‘কেউ যদি মার্কিনদের পেছনে লাগে, তাহলে সে যেখানেই থাকুক, আমরাও তার পেছনে লাগব। আগামী দিনগুলোতে আমরা এ ধরনের পরিকল্পনা নিয়েই এগিয়ে যাব।’
আইএস ইরাকের উত্তরাঞ্চল ও সিরিয়ার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গত জুনে নিজেদের ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ইরাকে আইএসের অগ্রযাত্রা রুখতে সম্প্রতি বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনও আইএসের বিপজ্জনক দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিয়ে বলেছে, এই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিরিয়ায় অভিযান চালানোর প্রয়োজন হতে পারে। একজন মার্কিন সামরিক কর্মকর্তা দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আইএসের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। হামলা চালানো হতে পারে তাদের শীর্ষস্থানীয় নেতাদের অবস্থান লক্ষ্য করেও। ‘এক ঘণ্টা বা এক সপ্তাহের মধ্যেই’ তা হতে পারে।
মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে ইরাকের সেনাবাহিনী ও কুর্দি যোদ্ধারা মিলে আইএসের দখলে থাকা বেশ কিছু এলাকায় আবার নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলা চালাতে গেলে যুক্তরাষ্ট্রকে সতর্ক পদক্ষেপ নিতে হবে বলে মনে করা হচ্ছে। কারণ, দেশটিতে প্রায় সাড়ে তিন বছর ধরে গৃহযুদ্ধ চলছে। সিরিয়ার সরকারবিরোধীসহ অনেকের আহ্বান সত্ত্বেও সেখানে রক্তপাত বন্ধে এত দিন পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে ওবামা সরকার।
এদিকে এক বিবৃতিতে মার্কিন সাংবাদিক জেমস ফলিকে হত্যার ঘটনাকে ‘জঘন্য ও কাপুরুষোচিত’ কাজ বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। শুক্রবার সর্বসম্মতিক্রমে ওই বিবৃতি দেয় পরিষদ। আইএস ফলিকে হত্যার পর তাদের হাতে আটক আরেক মার্কিন সাংবাদিক স্টিফেন সটলফকেও হত্যার হুমকি দিয়েছে। তারা বলেছে, ইরাকে আইএসের ওপর মার্কিন বিমান হামলা বন্ধ না করা হলে সটলফকে হত্যা করা হবে।