এবার স্বামীসহ দুই নারীর শিরশ্ছেদ করল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় এবার দুই নারী ও তাঁদের স্বামীদের শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
সিরিয়ায় চলা গৃহযুদ্ধের ওপর নজরদারি করা যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রতিষ্ঠাতা রামি আবদুল রহমান বলেন, দেশটির দেইর আল-জোর প্রদেশে চলতি সপ্তাহেই শিরশ্ছেদের এ ঘটনা ঘটে।
এর মধ্যে দেইর আল-জোর শহরে এক নারীকে তাঁর স্বামীসহ গলা কেটে হত্যা করা হয়। অন্য নারীর শিরশ্ছেদের ঘটনাটি ঘটে প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর আল-মায়াদিনে। পাশাপাশি ওই নারীর স্বামীকেও একইভাবে হত্যা করে আইএস জঙ্গিরা। এর আগে ওই চারজনের বিরুদ্ধে জাদুবিদ্যা প্রদর্শনের অভিযোগ আনা হয়।
গত বছরের জুনে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকা দখল করে ‘খেলাফত রাষ্ট্র’ ঘোষণা করে আইএস। এরপর থেকে নতুন নতুন এলাকা দখলের লক্ষ্যে লড়াই অব্যাহত রেখেছে জঙ্গিগোষ্ঠীটি। সিরিয়ায় এ সময়ের মধ্যে বিদেশি স্বেচ্ছাসেবী, সাংবাদিক এমনকি স্থানীয় লোকজনের মধ্যে যাঁদের তারা হুমকি মনে করে, তাঁদের অনেককে গলা কেটে হত্যা করেছে। এর আগে ব্যভিচারের অভিযোগে বেশ কয়েকজন নারীকে বন্দী করে আইএস জঙ্গিরা। পরে তাঁদের পাথর ছুড়ে হত্যা করে। তবে কোনো বেসামরিক নারীকে এই প্রথম শিরশ্ছেদ করল আইএস।
সিরিয়ান অবজারভেটরির পক্ষ থেকে আরও বলা হয়েছে, কয়েক দিন আগে চলতি রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়ার অপরাধে আল-মায়াদিন শহরে পাঁচজনকে ‘ক্রুশবিদ্ধ করে’ রাখা হয়। তাঁরা যখন মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিলেন, তখন শিশুদের এসব দৃশ্য দেখতে প্ররোচিত করে আইএস। নিজেদের নিয়ন্ত্রিত এলাকায় এ ধরনের নিষ্ঠুর শাস্তি দিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ভয় ধরিয়ে দিতে চায় আইএস।