এভারেস্ট জয়ে ধোঁকা দেওয়া এতই সোজা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সত্যরূপ সিদ্ধান্তের ছবি নকল করে এভারেস্ট জয়ের দাবি করেছিলেন ভারতীয় এক দম্পতি। ছবি এএফপি
সত্যরূপ সিদ্ধান্তের ছবি নকল করে এভারেস্ট জয়ের দাবি করেছিলেন ভারতীয় এক দম্পতি। ছবি এএফপি

প্রথমবার ছবিটি এতটা খেয়াল করেননি বেঙ্গালুরুর সত্যরূপ সিদ্ধান্ত। কিন্তু একটু ভালো করে দেখার পর বুঝতে পারলেন, চারপাশের মানুষজনকে তিনি চেনেন। কেননা এঁদের সঙ্গেই এভারেস্টের চূড়ায় উঠেছিলেন তিনি। অথচ ছবিতে তাঁর জায়গায় আছে আরেকজনের মুখ! আর সেই ছবি প্রমাণপত্র হিসেবে দেখিয়ে এভারেস্ট জয়ের আসল সনদও পেয়ে গেছেন ওই প্রতারক।

২০১৬ সালে সত্যরূপের ওই ছবিটি ব্যবহার করেছিলেন এক ভারতীয় দম্পতি। তাঁদের নাম দীনেশ ও তারকেশ্বরী রাঠোর। কম্পিউটারের মাধ্যমে সত্যরূপের মুখের জায়গায় নিজেদের মুখ বসিয়ে তা দাখিল করেছিলেন এভারেস্ট জয়ের সনদ প্রদানকারী কর্তৃপক্ষের কাছে। এ দিয়েই আনুষ্ঠানিকভাবে এভারেস্ট জয়ের কৃতিত্ব পেয়ে যান রাঠোর দম্পতি।

এভারেস্ট জয়ের ঘটনা আজকাল হরহামেশাই হচ্ছে। ওপরের ঘটনার পর থেকে এ নিয়ে আরও বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, যেসব পর্বতারোহী এভারেস্ট জয়ের কৃতিত্ব দাবি করছেন, এর মধ্যে কতগুলো খাঁটি? যেহেতু এভারেস্ট উঠতে পর্বতারোহীদের ভিড় ক্রমে বাড়ছে। তাই বলা হচ্ছে, আরও বৈজ্ঞানিক উপায়ে এভারেস্ট জয়ের দাবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখার।

বর্তমানে এভারেস্ট জয়ের দাবি পরীক্ষা-নিরীক্ষার কোনো নিখুঁত পদ্ধতি নেই। পুরো ব্যবস্থাটিই দাঁড়িয়ে আছে আস্থা ও বিশ্বাসের ওপর। এভারেস্টের চূড়ায় ওঠার পর নেমে এসে পর্বতারোহীরা প্রমাণ হিসেবে নেপাল বা চীনের কর্তৃপক্ষের কাছে চূড়ায় তোলা ছবি জমা দিতে হয়। যে দলের সঙ্গে ওই পর্বতারোহী এভারেস্ট অভিযানে গিয়েছিলেন, সেই দলের প্রধানের একটি প্রতিবেদন জমা দিতে হয়। এর সঙ্গে এভারেস্টের বেস ক্যাম্পে থাকা সরকারি লিয়াজোঁ কর্মকর্তার কাছ থেকেও সমর্থনসূচক একটি প্রতিবেদন আনতে হয়। আর এসব কাগজপত্র জমা দিলেই পাওয়া যায়—এভারেস্ট জয়ের আনুষ্ঠানিক সনদ।

অনেক পর্বতারোহীর অভিযোগ, ঘুষের বিনিময়ে দলীয় প্রধান ও সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন সংগ্রহ করছে কিছু ব্যর্থ পর্বতারোহী। আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অন্যের ছবিতে বসিয়ে নিচ্ছে নিজেদের মুখ। যেমনটি করেছিলেন রাঠোর দম্পতি। এএফপিকে সত্যরূপ বলেন, ‘আমি ওই ছবি দেখার পর মেলানোর জন্য নিজেরটাও বের করেছিলাম। আমি রীতিমতো স্তম্ভিত হয় গিয়েছিলাম।’

জার্মান সাংবাদিক ও পর্বতারোহী বিলি বিয়ারলিং বলেন, ‘পর্বতারোহণ আগে কখনোই প্রতিযোগিতামূলক ছিল না। কিন্তু এখন সবাই প্রথম হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছে। প্রথমে তাঁরা পৃষ্ঠপোষক জোগাড় করে এবং পরে বিশেষত্ব অর্জনের জন্য চেষ্টা করতে থাকে।’

হিমালয়ে ট্রেকিং পরিচালনাকারী প্রতিষ্ঠান এশিয়ান ট্রেকিংয়ের কর্মকর্তা স্টিভেন শেরপা ঘুষের প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা এ ধরনের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু একজন পর্বতারোহীর জন্য নিজেদের সুনাম নষ্ট করতে চাইনি।’ তবে এভারেস্ট জয়ের ঘটনা বেশি হতে থাকলে, এ ব্যাপারে কর্তৃপক্ষের কঠোর হওয়া প্রয়োজন বলে মত দেন তিনি। স্টিভেন শেরপা বলেন, এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ প্যানেল থাকা প্রয়োজন।

নেপালের পর্যটন বিভাগের প্রধান দীনেশ ভট্টরারি বলেন, ‘পর্বতারোহীরা এভারেস্ট জয় করতে এসে প্রতারণা করুক, তা আমরা চাই না। তবে আমাদের সার্বিক ব্যবস্থায় কিছু ফাঁক আছে।’ এ জন্য পর্বতারোহীদের জিপিএস ট্র্যাকার সিস্টেম দেওয়ার কথা চিন্তা করছে পর্যটন বিভাগ। এতে সহজেই পর্বতারোহীদের অবস্থান চিহ্নিত করা যাবে। ঠেকানো যাবে জালিয়াতিও।