এভারেস্টে উঠতে কড়াকড়ি আরোপ করছে নেপাল
খুব অল্প বয়সী, প্রবীণ এবং বড় ধরনের শারীরিক প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদের এভারেস্টে ওঠা নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে নেপাল সরকার। ১৮ বছরের নিচে এবং ৭৫ বছরের বেশি বয়সীরা আর এভারেস্টে উঠতে পারবেন না—এমন আইন পাসেরও চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র। খবর বিবিসির।
নেপালের পর্যটন মন্ত্রণালয় প্রস্তাব করেছে, পর্বতে ওঠার পূর্ব অভিজ্ঞতা ছাড়া এভারেস্টে ওঠা নিষিদ্ধ করা হোক। এসব কড়াকড়ির প্রস্তাবের উদ্দেশ্য দুর্ঘটনা কমানো। প্রতিবছর নেপাল দেশ-বিদেশের বহু পর্বতারোহীর এভারেস্ট আরোহণ বাবদ কয়েক শ কোটি রুপি আয় করে। তবে এর ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে। ২০১৪ সালে দুর্ঘটনায় ১৬ জন শেরপার (পর্বত আরোহণে সহায়তাকারী) মৃত্যু হলে এভারেস্টে আরোহণ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
কয়েক দশক ধরে বিশ্বের এ সর্বোচ্চ পর্বতশৃঙ্গে উঠে রেকর্ড সৃষ্টি করার প্রবণতা শুরু হয়। এ পর্যন্ত সবচেয়ে কম ১৩ বছর বয়সী এবং বেশি ৮০ বছর বয়সী ব্যক্তি এভারেস্টের চূড়া স্পর্শ করার রেকর্ড করেছেন। গত সপ্তাহে দুই হাতের মাত্র একটি আঙুল থাকা জাপানি পর্বতারোহী নুবকাজু কুরিকি এভারেস্টে ওঠার চেষ্টা করে ব্যর্থ হন। কুরিকি এর আগে তীব্র ঠান্ডায় তাঁর নয়টি আঙুল হারিয়েছিলেন।
রেকর্ড সৃষ্টি করার এই প্রবণতাকে নিরুৎসাহিত করতে চায় নেপাল সরকার। দেশটির পর্যটন বিভাগের প্রধান গোবিন্দ কারকে বলেন, ‘এভারেস্টে ওঠা মজা করার বিষয় নয়। যাঁরা চোখে দেখতে পান না বা হাঁটতে পারেন না—এমন মানুষদের চূড়ায় ওঠার অনুমতি দেওয়ার পক্ষে নই আমরা। এটা কোনো বৈষম্য প্রদর্শন নয়। ধরুন, আপনার পা নেই, তাহলে কীভাবে পাহাড়চূড়ায় উঠবেন?’