এভারেস্টের চূড়ায় ২১ বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ বার এভারেস্টে উঠে রেকর্ড গড়েছেন কামি রিতা। ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া।
২১ বার এভারেস্টে উঠে রেকর্ড গড়েছেন কামি রিতা। ছবি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নেওয়া।

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করা প্রত্যেক পর্বতারোহীরই একটি স্বপ্ন। অথচ গুটি কয়েক পর্বতারোহী আছেন, যাঁরা কিনা হরহামেশাই এভারেস্টের শীর্ষে উঠেছেন। তেমনই একজন নেপালি শেরপা হলেন কামি রিতা। এ বছর ২১ বারের মতো এভারেস্টের চূড়ায় পা রেখেছেন তিনি। এর ফলে ৪৭ বছর বয়সী এই শেরপা যৌথভাবে একটি বিশ্ব রেকর্ডের মালিক হয়ে ইতিহাস গড়েছেন।

সাংগ্রি-লা ট্রেকের ব্যবস্থাপনা পরিচালক জীবন ঘিমিরে বলেছেন, আজ স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পা রাখেন কামি রিতা। আলপাইন অ্যাসেন্টস এভারেস্ট এক্সপেডিশনের পক্ষ হয়ে চলতি বছর এভারেস্ট জয়ের অভিযান শুরু করেছিলেন তিনি।
পিটিআইকে নেপাল মাউন্টেয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আং শেরিং শেরপা জানিয়েছেন, বিশ্বের মাত্র তিনজন পর্বতারোহী এত বেশিবার এভারেস্ট ও এই পর্বতের বিভিন্ন শৃঙ্গ জয় করেছেন। কামি রিতা ছাড়া বাকি দুজনও শেরপা। তাঁরা হলেন আপা শেরপা ও ফুরবা তাশি শেরপা।
১৯৫৩ সালের আগ পর্যন্ত অজেয় ছিল এভারেস্ট। ওই বছর এডমুন্ড হিলারি ও তেনজিং নোরগে প্রথমবারের মতো ৮ হাজার ৮৪৮ মিটার উঁচু এই পর্বতশৃঙ্গ জয় করেন।
চলতি বছর এভারেস্ট অভিযানে অভিযাত্রিকদের ঢল নেমেছে। রেকর্ড পরিমাণে পর্বতারোহীরা জড়ো হয়েছেন বেস ক্যাম্পে। প্রায় ৩৭১ জন পর্বতারোহী এভারেস্টের উদ্দেশে রওনা দিয়েছেন বলে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। এ মৌসুমে দুর্ঘটনাও ঘটছে বেশ। এরই মধ্যে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।