এভারেস্টের নিচ দিয়ে রেলপথ করবে চীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের নিচে সুড়ঙ্গ খুঁড়ে রেলপথ নির্মাণের কথা ভাবছে চীন। ওই রেলপথ নেপাল ও চীনকে যুক্ত করবে। চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলি গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
চীনের তিব্বতের রাজধানী লাসা এবং অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগের জন্য ইতিমধ্যে ছিংহাই-তিব্বত রেলপথ রয়েছে। ‘নেপালের অনুরোধে’ এটি সম্প্রসারণ করে আন্তর্জাতিক সীমানা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। চীনের প্রকৌশল একাডেমির একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে এ কথা জানিয়েছে চায়না ডেইলি পত্রিকা। তিব্বতের একজন সরকারি কর্মকর্তা বলেন, ২০২০ সালের মধ্যে ওই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ডিসেম্বরে নেপালের রাজধানী কাঠমান্ডু সফর করেন। নেপালের সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, তিব্বতের সঙ্গে প্রস্তাবিত রেলপথটি পরবর্তী সময়ে কাঠমান্ডু থেকে শুরু করে আরও দূর অবধি সম্প্রসারণ করা হতে পারে। এতে করে চীনের সঙ্গে ভারতীয় বাজারের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনের সম্ভাবনা রয়েছে।
চায়না ডেইলি জানায়, ওই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এভারেস্টের নিচে সুড়ঙ্গ তৈরি করার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞ ওয়াং মেংশু বলেন, রেলপথটি কোমোলাংমা (এভারেস্টের তিব্বতি নাম) এলাকার ভেতর দিয়ে যেতে পারে। সে ক্ষেত্রে কয়েকটি দীর্ঘ সুড়ঙ্গ খনন করতে হতে পারে।
তিব্বত-নেপাল রেলপথ নির্মাণের এ পরিকল্পনার মধ্য দিয়ে হিমালয়কন্যা নেপালের ওপর চীনের প্রভাব বৃদ্ধির বিষয়টিই স্পষ্ট হলো। বিষয়টি নেপালের প্রতিবেশী ভারতের জন্য সতর্কবার্তা বলে বিবেচিত হচ্ছে। কারণ, নেপালকে নিজ প্রভাববলয়ের অন্তর্ভুক্ত বলেই মনে করে ভারত।
সাগর ভরছে চীন: রয়টার্স জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় একটি নিমজ্জিত প্রবালপ্রাচীরের আশপাশের এলাকা দ্রুত ভরাট করছে। এর কাছেই ফিলিপাইনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। স্যাটেলাইটের মাধ্যমে তোলা নতুন ছবিতে অনেকগুলো ড্রেজার এ কাজ করছে বলে দেখা যায়। দক্ষিণ চীন সাগরের ওই দ্বীপ এলাকা নিয়ে চীনের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর অনেক দিনের বিরোধ রয়েছে।