তুরস্কের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে গতকাল রোববার। এই নির্বাচনের ওপর নির্ভর করছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল একেপির ক্ষমতায় থাকা না-থাকার বিষয়টি। খবর এএফপি ও রয়টার্সের।
এবারের নির্বাচনে পাঁচ কোটি ৩৭ লাখ তুর্কির ভোট দেওয়ার কথা। দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল থেকেই প্রাণবন্ত উপস্থিতি চোখে পড়ে।
জনমত জরিপে আভাস পাওয়া গেছে যে প্রেসিডেন্ট এরদোয়ানের ইসলামপন্থী ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সবচেয়ে বেশি ভোট পাবে। তবে দলটি ২০১১ সালের নির্বাচনের তুলনায় এবার কম ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ, দেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি এখন সন্তোষজনক নয়। তা ছাড়া এরদোয়ানের শাসনের কর্তৃত্ববাদী প্রবণতা নিয়েও জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী পদে ১১ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে এবারের নির্বাচনে একেপির সংখ্যাগরিষ্ঠতা চান এরদোয়ান। তাহলে তিনি একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তুরস্কের সংসদীয় সরকারব্যবস্থা পাল্টে প্রেসিডেন্টের একচ্ছত্র শাসন চালু করার সুযোগ পাবেন।