এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের বন্দরনগর তিয়ানজিয়ানের ভয়াবহ বিস্ফোরণ এলাকা থেকে লোকজনকে গতকাল শনিবার সরকারি নির্দেশে সরিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গত বুধবার রাতের ওই বিস্ফোরণে গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৮৫। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
বাতাসের গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাস্থল থেকে অতিমাত্রায় বিষাক্ত রাসায়নিক পদার্থ সোডিয়াম সায়ানাইড ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ওই উপাদান পাওয়ার পরিপ্রেক্ষিতেই আশপাশের তিন কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বুধবারের প্রচণ্ড বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর কাছাকাছি একটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজনকেও সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এলাকা ছেড়ে যাওয়ার সময় তাদের লম্বা পায়জামা ও মুখোশ পরার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পুলিশ জানায়, বিস্ফোরণ এলাকার আশপাশে গতকালও আরও কয়েক দফা ছোটখাটো বিস্ফোরণের আওয়াজ হওয়া এবং আগুন জ্বলে ওঠার খবর পাওয়া যায়।
সিনহুয়া জানায়, বিস্ফোরণের ফলে প্রায় ৬ হাজার ৩০০ মানুষ বাড়িছাড়া হতে বাধ্য হয়েছে। এ ঘটনায় আহত ৭২১ জনের মধ্যে ৩৩ জনের অবস্থা এখনো গুরুতর। নিহত ব্যক্তিদের মধ্যে ২১ জনই দমকল বাহিনীর কর্মী।
বিস্ফোরণের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান চেয়ে আত্মীয়স্বজন গতকাল সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। তবে সরকারি কর্মকর্তারা দেখা করতে রাজি হননি বলে অভিযোগ উঠেছে।
তিয়ানজিয়ানের বিস্ফোরণের পর চীনা সরকার সারা দেশে বিপজ্জনক রাসায়নিক পদার্থ নিয়ন্ত্রণের অভিযান শুরু করেছে।