তিউনিসিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ধর্মনিরপেক্ষ দল নিদা তিউনিস পার্টির প্রার্থী বেজি সাইদ এসেবসি বিজয়ী হয়েছেন। তাঁর জয়কে স্বাগত জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিদায়ী প্রেসিডেন্ট মোনসেফ মারজুকি। খবর বিবিসি ও এএফপির।
গতকাল সোমবার রাতে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় জানানো হয়, গত রোববার অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনে এসেবসি (৮৮) পেয়েছেন ৫৫ দশমিক ৬৮ শতাংশ ভোট। আর প্রতিদ্বন্দ্বী মোনসেফ (৬৭) পেয়েছেন ৪৪ দশমিক ৩২ শতাংশ।
তিউনিসিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে থাকা মোনসেফ এই ফলাফল ঘোষণার আগে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অন্যদিকে জয়লাভের পর এসেবসি তিউনিসিয়ার স্থিতিশীলতার জন্য সবাইকে একসঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে রোববার ভোট গণনা শেষ হওয়ার পর এসেবসি টেলিভিশনে বলেছিলেন, ‘আমি আমার জয়কে তিউনিসিয়ার শহীদদের প্রতি উৎসর্গ করছি। আমি মারজুকিকে ধন্যবাদ জানাই এবং কাউকেও বাদ না দিয়ে এখন আমাদের একসঙ্গে কাজ করা উচিত।’
তবে সমালোচকেরা বলেছেন, এসেবসির এই জয় তিউনিসিয়ার আবারও অস্থিতিশীলতার দিকে ফেরত আসারই লক্ষণ। কেননা, তিনি ২০১১ সালে গণ-অভ্যুত্থানের জেরে উৎখাত হওয়া স্বৈরাচার প্রেসিডেন্ট বেন আলীর অধীনে কাজ করেন।
১৯৫৬ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর এই প্রথম তিউনিসিয়ায় একটি অবাধ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো।