এয়ারবিএনবির তালিকা থেকে বাদ ইসরায়েলি বসতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি তালিকা থেকে মুছে ফেলবে এয়ারবিএনবি। ছবি: রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি তালিকা থেকে মুছে ফেলবে এয়ারবিএনবি। ছবি: রয়টার্স

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি নিজ তালিকা থেকে মুছে দেবে অনলাইনে হোম শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারবিএনবি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান জানায়, এ সিদ্ধান্ত নেওয়ার কারণ এখানে বসতি স্থাপনই হলো ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের মূল কারণ। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ারবিএনবি এই সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। অন্যদিকে, এই সিদ্ধান্তে নাখোশ ইসরায়েল। এই সিদ্ধান্ত ‘লজ্জাজনক’ মন্তব্য করে কর্তৃপক্ষ জানিয়েছে, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপে যাবে তারা।

এয়ারবিএনবির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মার্কিন আইন আমাদের মতো কোম্পানিগুলোকে এই অঞ্চলে ব্যবসা করার অনুমতি দেয়। একই সঙ্গে বিশ্ব সম্প্রদায় মনে করছে, কোম্পানিগুলো এখানে ব্যবসা করতে পারবে না। তাদের বিশ্বাস, এমন জায়গা মুনাফা অর্জন সম্ভব না, যেখানে মানুষ বিতাড়িত হয়েছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, বিরোধপূর্ণ এই পশ্চিম তীরে বসতি স্থাপন অবৈধ। পশ্চিম তীরে ইসরায়েলের বসতিগুলো তালিকায় রাখায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে এয়ারবিএনবি। এরপরই এই সিদ্ধান্ত জানাল তারা।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) মহাসচিব সায়েব এরকাত বলেন, এয়ারবিএনবির আন্তর্জাতিক আইনের অনুসরণ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, পশ্চিম তীরে ইসরায়েল দখলদারি বজায় রেখেছে। এমনকি জেরুজালেমেও, যা অবৈধ ও যুদ্ধাপরাধের শামিল।

ইসরায়েলের পর্যটনমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, যুক্তরাষ্ট্রের আদালতে এই বিষয়ে মামলা করবে তারা।