ঐক্যের ডাক দিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট
ভেদাভেদ ঘুচিয়ে জাতীয় ঐক্য ও সংহতি স্থাপনের ডাক দিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। আজ বুধবার দেশটির স্বাধীনতা দিবসের ৬৭তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ ডাক দেন। জাতিসংঘের সঙ্গে কাজ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক পরিসরে ‘একঘরে’ অবস্থা থেকে বেরিয়ে আসারও ঘোষণা দেন তিনি।
বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেশের মাটি আর কখনো নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত না করার অঙ্গীকার করেন প্রেসিডেন্ট সিরিসেনা ও তাঁর মন্ত্রীরা।
ভাষণে সিরিসেনা বলেন, ‘২০০৯ সালে আমাদের যুদ্ধ শেষ হয়েছে। আমাদের সেনাদের গুলির শব্দ এলটিটিইর গুলির শব্দকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু যুদ্ধের ক্ষত আমরা সারিয়ে তুলতে পারিনি। জয় করে নিতে পারিনি দেশের সব মানুষের মন। তাই আমার সরকার জাতীয় ঐক্য স্থাপনকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে আমাদের দেশের স্থান করে নিতে আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।’ তিনি আরও বলেন, ‘পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সমস্যাগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে। আমরা জাতিসংঘ সনদ অনুসরণ করব এবং জাতিসংঘের মূল্যবোধ মেনে চলব।’
শ্রীলঙ্কার সংখ্যালঘু তামিল জনগোষ্ঠীর প্রধান রাজনৈতিক দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ) গত কয়েক দশকের মধ্যে এবার প্রথমবারের মতো স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেয়। জাতীয় ঐক্য স্থাপনের পথে এটিকে একটি বড় ধরনের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
টিএনএর নেতা এম এ সুমানথিরান গণমাধ্যমকে বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা জাতীয় দিবসের অনুষ্ঠানগুলোতে কখনো অংশ নিইনি। নতুন সরকারের আচরণ ও উদ্যোগে পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা একে স্বাগত জানাই এবং এর প্রতিদান দিতে চাই।’
তামিল গেরিলাদের সঙ্গে শ্রীলঙ্কা সরকারের দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের সমাপ্তি ঘটে ২০০৯ সালে। জাতিসংঘের দাবি, ১৯৭২ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘাতে কমপক্ষে এক লাখ মানুষের প্রাণহানি হয়েছে।