ঐক্যের সরকার গঠনে একমত ফাতাহ-হামাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়তাবাদী রাজনৈতিক দল ফাতাহ-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিরোধী পক্ষ হামাসের সঙ্গে ঐক্যের সরকার গঠনের ব্যাপারে একমত হয়েছে। রাশিয়ার রাজধানী মস্কোয় তিন দিনের আলোচনা শেষে গত মঙ্গলবার রাতে পক্ষ দুটি এ ঐকমত্যে পৌঁছায়।

আলোচনা শেষে ফাতাহর ঊর্ধ্বতন কর্মকর্তা আজ্জাম আল-আহমাদ বলেন, ‘আজকের এই উদ্যোগ আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।’ তিনি জানান, ফাতাহ ও হামাস ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় কাউন্সিল গঠন করবে, যাতে ফিলিস্তিন থেকে নির্বাসিত নেতারাও থাকবেন। এই জাতীয় কাউন্সিল পরবর্তী সময়ে নির্বাচনের আয়োজন করবে। দীর্ঘদিন ধরে যেকোনো প্রকার আলোচনায় অনুপস্থিত প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদি (পিআইজে) গ্রুপও এই চুক্তিতে শামিল হয়েছে।

তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউটের সিনিয়র ফেলো খালেদ এলগিনডি বলেন, আগের যে চুক্তিগুলো হয়েছিল, সেগুলোর সঙ্গে বর্তমানের চুক্তির কী পার্থক্য রয়েছে, তা এখনো পরিষ্কার নয়। ওয়াশিংটন ডিসিতে নেতৃত্বের পরিবর্তনই হয়তো এই ঐকমত্যের পেছনে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর’ হিসেবে কাজ করেছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট আব্বাস হয়তো তাঁর স্থানীয় অবস্থান পোক্ত করার এবং ওয়াশিংটনে যে কঠিন প্রতিকূল প্রশাসন আসতে চলেছে, তার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন।

এর আগে গত সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সাক্ষাৎ করেন ফিলিস্তিনের এক প্রতিনিধি। ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার যে ঘোষণা যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা বাস্তবায়ন করা থেকে তাঁকে নিরস্ত করতে লাভরভকে অনুরোধ করেন ওই প্রতিনিধি।

ফিলিস্তিনে সর্বশেষ ২০০৬ সালের নির্বাচনে হামাস এবং ফাতাহ অংশ নেয়। ওই বছর আইনসভার নির্বাচনে জয় পাওয়ার পর ২০০৭ সালের গৃহযুদ্ধে গাজা ছিনিয়ে নেয় হামাস। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির সঙ্গে সেই থেকেই এই সংগঠনটির বিবাদ চলছে। গত বছর ফিলিস্তিনের উচ্চ আদালত ফাতাহ-নিয়ন্ত্রিত পশ্চিম তীরেই শুধু স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে রুল জারি করেন।