তেহরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন ছয় জাতির আলোচনা সুইজারল্যান্ডের লুসান শহরে গতকাল বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান বলেছেন, তিনি একটি ‘ঐতিহাসিক’ চুক্তির ব্যাপারে আশাবাদী। খবর এএফপির।
আগের সমঝোতা অনুযায়ী, উভয় পক্ষের ৩১ মার্চের মধ্যেই একটি রূপরেখা চুক্তির বিষয়ে সম্মত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ সময়সীমা সামনে রেখে গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ লুসানে নতুন দফায় আলোচনায় বসেন।
কেরির সঙ্গে লুসানে যাওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘সামনে একটি সমঝোতার পথ আমরা দেখতে পাচ্ছি। পথটা দেখতে কেমন, তাও আমরা বুঝতে পারছি।’
পারমাণবিক বোমা তৈরির আশঙ্কা বন্ধ করতে ইরানের সঙ্গে জাতিসংঘের স্থায়ী পাঁচ সদস্য এবং জার্মানি ২০১৩ সালের শেষের দিক থেকেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে আসছে।
২০১৩ সালের নভেম্বরে উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়। একে স্থায়ী চুক্তিতে পরিণত করার জন্য দুই দফা সময়সীমা ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। এরপর এ বছরের ৩১ মার্চের মধ্যে একটি রূপরেখা চুক্তি এবং জুন মাসের মধ্যে
চূড়ান্ত চুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়।
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি গতকাল বলেন, চুক্তির বিষয়ে অনেকেই বিরোধিতা করছে। তবে তার পরও তিনি সম্ভাব্য একটি ‘ঐতিহাসিক চুক্তি’ সম্পাদনের বিষয়ে আশাবাদী।
সালেহি বলেন, ‘কিছু মানুষ আছে, যাদের সমস্যা থাকলেই সুবিধা। তারা কোনো চুক্তি যাতে না হয়, সেই চেষ্টা করছে।... তার পরও সামগ্রিক বিষয় বিবেচনায় আমি আশাবাদী।’