ওকিনাওয়ার জাপানি মালিকানায় ফিরে আসার ৫০ বছর
জাপানের দক্ষিণ-পশ্চিমের দ্বীপ জেলা ওকিনাওয়া আজ ১৫ মে জাপানের মালিকানায় ফিরে আসার অর্ধশতাব্দী পালন করেছে। এ উপলক্ষে ওই জেলাজুড়ে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে ওকিনাওয়াকে মোকাবিলা করতে বিভিন্ন সমস্যা এবং সেসব সমস্যা সমাধান করতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি দ্বীপের স্থানীয় প্রশাসনের কী করা উচিত, এসব বিষয়ে আলোচনা করা হয়।
উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে জাপানের নিয়ন্ত্রণে আসার আগপর্যন্ত ওকিনাওয়া ছিল চীনের কর্তৃত্বাধীন করদ রাজ্য। রিউকিউ সাম্রাজ্য নামে পরিচিত সেই দ্বীপপুঞ্জ দীর্ঘ সময় ধরে চীনের সম্রাটকে কর পরিশোধ করার মধ্যে দিয়ে নিজের স্বাধীন অস্তিত্ব বজায় রেখে চলছিল। তবে উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে চীনের চিং সাম্রাজ্য দীর্ঘ রাজত্বের পর দুর্বল হয়ে পড়লে রিউকিউ সাম্রাজ্যও কার্যত স্বাধীন হয়। অন্যদিকে জাপানের দক্ষিণের কিউশু দ্বীপের কাগোশিমা জেলার সমরনায়কেরা অঞ্চলে বিরাজমান ভঙ্গুর রাজনৈতিক পরিবেশে রিউকিউ সাম্রাজ্যের দিকে নজর দিতে শুরু করেন এবং মেইজি উত্থান–পরবর্তী জটিলতা কাটিয়ে ওঠার পর মূলত এদের নেতৃত্বে ১৮৭৯ সালে জাপান রিউকিউ সাম্রাজ্যের দ্বীপগুলো দখল করে নেয়।
এর আগে সপ্তদশ শতাব্দীর শুরুর দিকে সাৎসুমা নামে পরিচিত সেই সময়ের কাগোশিমা জেলার সমরনায়কেরা আরও একবার রিউকিউ দখল করে নিলেও তা স্থায়ী হতে পারেনি এবং জাপান ও চীন উভয় দেশের সঙ্গে দেনদরবার করে রিউকিউর সম্রাট নিজের কর্তৃত্ব ধরে রাখতে পেরেছিলেন। তবে ১৮৭৯ সালে জাপান সাম্রাজ্যের বিলুপ্তি ঘোষণা করে রিউকিউকে দেশের সঙ্গে সম্পৃক্ত করে নেয় এবং অঞ্চলকে ওকিনাওয়া জেলা হিসেবে ঘোষণা করে। তখন থেকে ওকিনাওয়া সার্বিক অর্থে জাপানি ভূখণ্ডের অংশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের পর ১৯৫২ সালে জাপান সার্বভৌমত্ব ফিরে পেলেও ওকিনাওয়া আরও দুই দশক ধরে মার্কিন দখলাধীন থেকে যায়। ১৯৭২ সালের ১৫ মে ওকিনাওয়ার মালিকানা যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত জাপানের হাতে ফিরিয়ে দেয়। তবে মালিকানা জাপান ফিরে পেলেও মার্কিন সামরিক বাহিনীর স্থায়ী উপস্থিতি যুক্তরাষ্ট্র নিশ্চিত করে নিয়েছিল। দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সরাসরি নিয়ন্ত্রণে থাকার সময় ওকিনাওয়ার কয়টি দ্বীপজুড়ে বিশাল যেসব সামরিক স্থাপনা মার্কিন সামরিক বাহিনী তৈরি করে নিয়েছিল, যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে সেগুলো থেকে যায় এবং দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি মেনে নিয়ে জাপানকে চুক্তি স্বাক্ষর করতে হয়। মালিকানা আনুষ্ঠানিকভাবে হস্তান্তরিত হওয়ার পাঁচ দশক পরও মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে নানা রকম সমস্যায় ওকিনাওয়াকে পড়তে হচ্ছে। সেই সঙ্গে অর্থনীতির বিভিন্ন সূচকের দিক থেকেও জাপানের অন্যান্য জেলার চেয়ে ওকিনাওয়া পিছিয়ে আছে। ফলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে জাপানের এই দক্ষিণের দ্বীপ জেলার সম্পর্ক অনেকটাই যেন হচ্ছে টানাপোড়েনের সম্পর্ক।
ওকিনাওয়ার মালিকানা হস্তান্তরিত হওয়ার ৫০তম বার্ষিকী উপলক্ষে ১৫ মে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রধান একটি সামরিক ঘাঁটি ফুতেনমা বিমান স্টেশনের কাছে আয়োজিত স্মারক এক অনুষ্ঠানে ওকিনাওয়ার গভর্নর ড্যানি তামাকি ওকিনাওয়াকে সত্যিকার অর্থে শান্তির দ্বীপে রূপান্তর করে নিতে আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান। জাপান সরকারের উদ্দেশে তিনি বলেন, মালিকানা হস্তান্তর হওয়ার সময় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত সেগুলো পূরণ হয়নি। এমনকি ৫০ বছর পার হয়ে গেলেও ওকিনাওয়ার জনগণকে এখনো মার্কিন সামরিক উপস্থিতির মাত্রাতিরিক্ত বোঝা বহন করে যেতে হচ্ছে।
জাপানের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, মার্কিন সামরিক উপস্থিতির মাত্রাতিরিক্ত বোঝা ওকিনাওয়ার ওপর চেপে বসা সম্পর্কে কেন্দ্রীয় সরকার অবগত আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে নিয়ে এর একটি সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা সরকার করে যাচ্ছে। পাশাপাশি ওকিনাওয়ার তুলনামূলক পিছিয়ে পড়া অর্থনীতিকে এগিয়ে নিতে দ্বীপের সব রকম সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানোর অঙ্গীকার করেন তিনি।
ওকিনাওয়াবাসী অনেক দিন থেকেই দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতিকে সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখে আসছেন। আয়তনের দিক থেকে ওকিনাওয়া হচ্ছে জাপানের সবচেয়ে ছোট জেলাগুলোর একটি এবং জনসংখ্যার হিসাবে এর অবস্থান হচ্ছে দেশের ৪৭টি জেলার মধ্যে ২৫তম। তা সত্ত্বেও জাপানে সব রকম মার্কিন সামরিক স্থাপনার ৭০ দশমিক ৩ শতাংশের অবস্থান হচ্ছে ওকিনাওয়ার বিভিন্ন দ্বীপে। ৫০ বছরে এই বোঝা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেয়েছে। ১৯৭২ সালে মালিকানা স্থানান্তরিত হওয়ার সময় সেই হার ছিল ৫৮ দশমিক ৮ শতাংশ। ফলে ওকিনাওয়াবাসী মনে করছেন, মার্কিন সামরিক ঘাঁটির বোঝা হ্রাস করার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি উপর্যুপরি আহ্বান জানানো সত্ত্বেও সরকারের কাছ থেকে তেমন সাড়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ওকিনাওয়ার স্থানীয় সরকারের প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২০ সালে জেলায় মার্কিন সামরিক ঘাঁটির সংখ্যা ছিল ৩৩। যার মধ্যে কাদেনা বিমানঘাঁটির মতো বিশাল আকারের কয়েকটি ঘাঁটি রয়েছে। জাপানের মোট ভূখণ্ডের মাত্র প্রায় শূন্য দশমিক ৬ শতাংশ ওকিনাওয়ার অংশ হওয়া স্বত্বেও জেলার মোট ভূমির ৭০ শতাংশ মার্কিন সামরিক স্থাপনার একক ব্যবহারের জন্য নির্দিষ্ট করা আছে। মার্কিন সামরিক বাহিনীর ২৬ হাজার সদস্যও স্থায়ীভাবে ওকিনাওয়ার বিভিন্ন মার্কিন ঘাঁটিতে মোতায়েন আছেন।
ছোট আকারের অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত ওকিনাওয়া জেলায় তুলনামূলক বিশাল মার্কিন সামরিক উপস্থিতি দ্বীপবাসীর জন্য বিভিন্ন সমস্যার সৃষ্টি করলেও সামরিক উপস্থিতি হ্রাস করা জাপানের পক্ষে এখন পর্যন্ত সম্ভব হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব এশিয়াজুড়ে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকা অবস্থায় দ্রুত তা সম্ভব হবে না বলেও অনেকেই এখন আশঙ্কা করতে শুরু করেছেন। দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটির মাত্রাতিরিক্ত উপস্থিতি নানা রকম সামাজিক সমস্যার কারণ হয়ে দেখা দেওয়া স্বত্বেও কিছুদিন আগে পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ রকম বলা হয়ে আসছিল যে খুব অল্প সময়ের মধ্যে ঘাঁটি অন্যত্র সরিয়ে নেওয়া হলে আর্থিক দিক থেকে দ্বীপকে ক্ষতির মুখে পড়তে হবে। কারণ হিসেবে বলা হয়েছিল, ঘাঁটির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ ও সেবা থেকে যে পরিমাণ আয় ওকিনাওয়ার হচ্ছে, জেলার অর্থনীতি তার ওপর নানাভাবে নির্ভরশীল।
জেলা সরকারের প্রকাশিত এক হিসাবে দেখানো হয়, ২০১৮ অর্থবছরে ঘাঁটি-সম্পর্কিত সার্বিক আয়ের পরিমাণ ছিল জেলার অধিবাসীদের মোট আয়ের মাত্র ৫ দশমিক ১ শতাংশ। ফলে মার্কিন সামরিক ঘাঁটির স্থানীয় জনগণের জন্য কাজের সুযোগ তৈরি করে দেওয়ার যে যুক্তি সরকারের পক্ষ থেকে দেখানো হচ্ছিল, তা সেভাবে কার্যকর নয়। এ ছাড়া সেই আয়ের বড় এক অংশ কিন্তু জাপানের নিজস্ব অর্থ ব্যয় থেকে আসছে। কেননা জাপানে মার্কিন সামরিক ঘাঁটিতে কর্মরত বেসামরিক লোকজনকে স্থানীয়ভাবে নিয়োগ দেওয়া হলেও তাঁদের বেতন-ভাতার সবটাই জাপান সরকারকে পরিশোধ করতে হয়।