ওপরে ফিটফাট, নিচে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মজিদ আসফার। ছবিটি টুইটার থেকে নেওয়া।
মজিদ আসফার। ছবিটি টুইটার থেকে নেওয়া।

মজিদ আসফার জর্ডানের রাজনৈতিক বিশ্লেষক। সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে তিনি কথা বলেন। তো, রাজনীতি নিয়ে কথা বলার জন্য আল জাজিরা তাঁকে স্কাইপে যুক্ত করে। তিনি যথাসময়ে শুট-টাই পরে ফিটফাট হয়ে স্কাইপের মাধ্যমে আল জাজিরার সঙ্গে যুক্ত হন। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু ঝামেলাটা পাকাল তাঁর ছেলে।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, আল রাই অ্যারাবিকের সাবেক প্রধান সম্পাদক মজিদ যখন এ অবস্থায় রাজনৈতিক ভাষ্য দিচ্ছিলেন, তখন তাঁর ছেলে আড়াল থেকে ১২ সেকেন্ডের একটা ভিডিও করে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি শার্ট, ব্লেজার ও টাই পরে সোফার ওপর বসে আছেন। হাঁটুর ওপরে দুটি কুশন রেখে তাঁর ওপর ল্যাপটপ বসিয়েছেন। আর সেখান থেকে স্কাইপে কথা বলছেন। তবে এ সময় তাঁর পরনে ফরমাল কোনো প্যান্ট নেই।

এ ব্যাপারে মজিদ আসফার জর্ডান টাইমসকে বলেন, তাঁর ছেলে মানাফ মজা করে ভিডিওটা তার বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিল। সেখান থেকে এটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছড়িয়ে পড়ে।

এমন সাজের ব্যাপারে এই রাজনৈতিক ভাষ্যকার বলেন, ‘আম্মানের তাপমাত্রা সেদিন ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল। আমি বাড়িতে ছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম এভাবে স্কাইপে যুক্ত হওয়ার।’ ছেলের কর্মকাণ্ডে রাগ করার বদলে তিনি বরং খুশিই হয়েছেন। মজা করে বললেন, এত বছর ধরে কাজ করছি; কিন্তু কখনো এতটা প্রচার পাইনি।