ওবামাকে চীন সাগর বিতর্ক থেকে 'দূরে থাকতে' বলল বেইজিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দক্ষিণ চীন সাগর বিতর্ক থেকে দূরে থাকতে বলেছে চীন। গতকাল ওবামা দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে কৃত্রিম দ্বীপ ও সামরিক স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে বলার কয়েক ঘণ্টার মধ্যে চীন সরকার এ প্রতিক্রিয়া দেখাল। খবর এএফপি ও বিবিসির।
ফিলিপাইনে গতকাল বুধবার শুরু হওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার ম্যানিলায় পৌঁছান ওবামা। গতকাল বুধবার সম্মেলনের আগে ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর সঙ্গে দেখা করেন। এরপর তিনি সাংবাদিকদের বলেন, আঞ্চলিক শান্তি বজায় রাখার স্বার্থে বিতর্কিত সমুদ্র এলাকায় কৃত্রিম দ্বীপ ও সামরিক স্থাপনা নির্মাণ করা থেকে চীনকে বিরত থাকতে হবে।
ওবামার এ ঘোষণার পরপরই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লি বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগর বিষয়ে কথা বলা বন্ধ করতে হবে, দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়ানো বন্ধ করতে হবে এবং এ বিতর্ককে আরও জটিল করে তোলা বন্ধ করতে হবে।’ হোং লি বলেন, ওই এলাকায় চীনের নির্মাণকাজ নিয়ে কারও অঙ্গুলিনির্দেশ করার অধিকার নেই।
অ্যাপেক সদস্য ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনেই এবং তাইওয়ান ‘তেল ও গ্যাসের ওপর ভাসমান’ দক্ষিণ চীন সাগরের ভিন্ন ভিন্ন এলাকা নিজেদের বলে দাবি করে আসছে। তবে চীন প্রায় পুরো এলাকার মালিকানা দাবি করে। দেশটি সম্প্রতি সেখানে কৃত্রিম দ্বীপসহ কিছু স্থাপনা গড়ে তুলছে। এর মধ্যে সামরিক বিমান উড্ডয়নের রানওয়ে আছে বলে স্যাটেলাইট থেকে তোলা ছবির ভিত্তিতে দাবি করা হয়েছে। তবে চীনের দাবি, সেখানে তারা কোনো সামরিক স্থাপনা গড়ছে না।
ম্যানিলায় শুরু হওয়া অ্যাপেক সম্মেলনে ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের যোগ দেওয়ার কথা। সম্মেলনে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ম্যানিলায় রয়েছেন। সেখানে দক্ষিণ চীন সাগর বিরোধ ও সন্ত্রাসবাদের বিষয় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।