ওবামার চিঠিকে স্বাগত জানিয়েছেন ইরানের রাজনীতিকেরা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার গোপন চিঠিকে ইরানের শীর্ষ পর্যায়ের রাজনীতিকেরা স্বাগত জানিয়েছেন। খবর জেরুজালেম পোস্টের।
শীর্ষ ধর্মীয় নেতা খামেনির কাছে পাঠানো ওবামার চিঠিতে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের সহযোগিতা চাওয়া হয়। গত বৃহস্পতিবার প্রভাবশালী পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়, এর বিনিময়ে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে উপনীত হতে দেশটিকে ছাড় দেওয়া হবে।
তবে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল শনিবার এ ব্যাপারে ইরানের সঙ্গে কোনো আলোচনা কিংবা সমঝোতার কথা নাকচ করে দিয়েছেন। চীনের রাজধানী বেইজিংয়ে অ্যাপেক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘পরমাণু আলোচনার সঙ্গে অন্য কোনো বিষয়ের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে প্রেসিডেন্ট কী করেছেন এবং কী বলেছেন, তা আমি ভালোভাবেই জানি।’