ওমর দ্য চেচেন মরেননি!

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় কমান্ডার আবু ওমর আল-শিশানি ওরফে ওমর দ্য চেচেন বিমান হামলায় নিহত হননি। গুরুতরভাবে আহত হয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন দাবি করেছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পেন্টাগন বর্ণিত আইএসের কথিত প্রতিরক্ষা বা সমর-বিষয়ক মন্ত্রী ওমর গত শুক্রবার সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় নিহত হয়ে থাকতে পারেন বলে আভাস দিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তা। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এমন প্রেক্ষাপটে গতকাল বুধবার অবজারভেটরির পক্ষ থেকে বলা হয়, তাদের সূত্রের ভাষ্যমতে ৪ মার্চের বিমান হামলায় ওমরের দেহরক্ষীরা নিহত হয়েছেন। ওমর গুরুতরভাবে আহত হয়েছেন।
অবজারভেটরির পরিচালক রামি আবদেল রহমান বলেন, তিনি (ওমর) মারা যাননি। সিরিয়ার হাসাকে প্রদেশ থেকে তাঁকে রাকা প্রদেশের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ইউরোপীয় বংশোদ্ভূত এক জিহাদি চিকিৎসক তাঁর চিকিৎসা করছেন।
রাকা আইএসের প্রধান শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
ওমর যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গির একজন। তাঁর ব্যাপারে তথ্য দিতে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।
আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক হিসেবে ওমরের খ্যাতি রয়েছে।
আরও পড়ুন..
আইএসের যুদ্ধবিষয়ক মন্ত্রী নিহত!