ওয়াশিংটনে তাইওয়ানের পতাকা ওড়ায় ক্ষুব্ধ চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তাইওয়ানের পতাকা উত্তোলনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। ওয়াশিংটনে তাইওয়ানের ‘কার্যত দূতাবাসের’ সামনে খ্রিষ্টীয় নববর্ষে ওই পতাকা উত্তোলন করা হয়।
তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে মনে করে চীন। গতকাল সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘যুক্তরাষ্ট্রে তাইওয়ানের তথাকথিত পতাকা উত্তোলন অনুষ্ঠানের দৃঢ় প্রতিবাদ জানাই।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উচিত বেইজিংয়ের ‘একক চীন’ নীতির প্রতি সম্মান জানানো।
চীন মনে করে, তাইওয়ান তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি প্রদেশ। তাইওয়ান কোনো সময় স্বাধীনতা ঘোষণা করলে চীনের পক্ষ থেকে শক্তিপ্রয়োগের সম্ভাবনার বিষয়টি কখনোই নাকচ করেনি বেইজিং। ১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ান পৃথকভাবে শাসিত হচ্ছে।
গত শনিবার তাইওয়ানের চায়না পোস্ট পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, ৩৬ বছর আগে চীন থেকে তাইওয়ানের বিচ্ছিন্ন হওয়ার নীতিকে স্বীকৃতি দেয় যুক্তরাষ্ট্র। তবে এত দিনের মধ্যে এই প্রথমবারের মতো গত বৃহস্পতিবার নববর্ষে ওয়াশিংটনে তাইওয়ানের পতাকা উত্তোলন করা হলো। প্রতিবেদনে আরও বলা হয়, পতাকা উত্তোলন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে তাইওয়ানের শীর্ষ দূত শেন লাউসুনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
তাইওয়ানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মেধ্য টানাপোড়েনের সর্বশেষ ঘটনা এই পতাকা উত্তোলন। এর আগে তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র বিক্রি করার চুক্তি করার পর গত ডিসেম্বরে এর প্রতিবাদ জানিয়েছিল চীন।