কংগ্রেস-বামফ্রন্ট জোট নিয়ে জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচন সামনেই। আগামী এপ্রিল-মে মাসে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনে নির্বাচন হওয়ার কথা। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে লোকসভার ৪২টি আসন। ১১ মার্চ এই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন।

এখন সব দলই মাঠে নেমে পড়েছে। তৃণমূল ঘোষণা দিয়েছে, তারা এবারের নির্বাচনে ৪২টি আসনেই জিততে চলেছে। তারা বলছে, এই রাজ্যে বিরোধীরা গোল্লা পাবে। বিজেপি বলেছে, তাদের জেতার লক্ষ্য ২৩টি আসন। এবার আর তৃণমূলকে এই রাজ্যে গোল দিতে দেওয়া হবে না। মানুষ এবার তাদের দিকে পা বাড়িয়ে রেখেছে। এবার জয় তাদের নিশ্চিত।

২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি পেয়েছিল দুটি আসন। একটি দার্জিলিং এবং অন্যটি বর্ধমানের আসানসোল আসন। দার্জিলিংয়ে জিতেছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর আসানসোলে জিতেছিলেন সংগীতশিল্পী ও বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আলুওয়ালিয়া জিতেছিলেন দার্জিলিংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে।

পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল চারটিতে এবং বামফ্রন্ট জিতেছিল দুটি আসনে। আর তৃণমূল জিতেছিল ৩৪টি আসনে। তৃণমূল ঘোষণা করেছে, সব হিসাব বদলে দিয়ে এবার ৪২ আসনেই জিতবে তারা। যদিও এই রাজ্যে এখন দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে বিজেপি। তৃতীয় স্থানে বাম দল আর চতুর্থ স্থানে কংগ্রেস।

জাতীয় কংগ্রেসের সঙ্গে রয়েছে বামফ্রন্টের একটি নির্বাচনী জোট। সেই জোট নিয়েই বামফ্রন্ট ও কংগ্রেস এগিয়েছে। তারাও বারবার ঘোষণা দিয়েছে, বিজেপি ও তৃণমূল রুখতে একসঙ্গে লড়বে। তারা চাইছে এই রাজ্যে অসাম্প্রদায়িক শক্তির জয়। বাম-কংগ্রেস জোটের জয়। এ নিয়ে এই দুই দল এগোলেও হঠাৎ করে কংগ্রেস ছন্দপতন ঘটায় ।

কংগ্রেসের দাবি, তাদের বাম দলের জেতা দুটি আসনও এবার ছাড়তে হবে। বামফ্রন্টকে এই দুটি আসন ছেড়ে অন্য আসনে নির্বাচন করতে হবে। বামফ্রন্ট সেটি না মানায় কংগ্রেস-বামফ্রন্ট জোটে জট বেঁধে যায়। কংগ্রেস নাছোড়বান্দা হয়ে দাবি করে, দুটি আসন তাদের দিতে হবে। আবার কংগ্রেসের জেতা অন্য চারটি আসনেও কংগ্রেস লড়বে। এখানেও প্রার্থী দিতে পারবে না বামফ্রন্ট। ফলে, এই নিয়ে জটিলতা শুরু হয়েছে। কংগ্রেস-বামফ্রন্টে জট বেঁধেছে।

বামফ্রন্ট যে দুটি আসনে গত নির্বাচনে জয়ী হয়েছিল, এর একটি হলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ আসন। আরেকটি মুর্শিদাবাদ আসন। রায়গঞ্জে জিতেছিলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম আর মুর্শিদাবাদে জিতেছিলেন সিপিএম নেতা বদরুদ্দোজা খান। এবার এই দুটি আসনই কংগ্রেস চাইছে। অন্যদিকে, কংগ্রেস জিতেছিল চারটি আসন। সেগুলো হলো মালদা দক্ষিণে আবু হাসেম খান চৌধুরী, মালদা উত্তরে মৌসুম বেনজির নূর, বহরমপুরে অধীর চৌধুরী এবং জঙ্গিপুরে অভিজিৎ মুখার্জি। এর মধ্যে আবার কংগ্রেস সাংসদ মৌসুম বেনজির নূর সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

বামফ্রন্টের জেতা আসন কংগ্রেসের দেওয়ার দাবি ওঠায় কার্যত ভেঙে গেছে কংগ্রেস-বামফ্রন্ট জোট। বামফ্রন্টও ঘোষণা দিয়েছে, তাদের জেতা দুটি আসন যদি ছেড়ে দেওয়া না হয়, তবে তারা ওই দুটি আসনে এককভাবে লড়বে। এমনকি কংগ্রেসের জেতা চারটি আসনেও প্রার্থী দেবে বামফ্রন্ট। এই জোট নিয়ে জট চলার মধ্যেই গতকাল শুক্রবার সন্ধ্যায় বামফ্রন্টের চেয়ারম্যান তাঁদের দুটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। তাঁরা হলেন রায়গঞ্জ আসনে মোহাম্মদ সেলিম এবং মুর্শিদাবাদ আসনে বদরুদ্দোজা খান। বিমান বসু আরও জানিয়ে দেন, এই আসনে কংগ্রেস আলাদা প্রার্থী দিলে তাঁরাও কংগ্রেসের জেতা চার আসনে প্রার্থী দেবেন।

দুই দলের এই লড়াইয়ের মধ্যেই সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, ‘সব শিয়াল একজোট হয়ে তাঁকে আটকাতে চাইছে।’ এই মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি সোমেন মিত্র। তিনি পাল্টা কটাক্ষ করে মোহাম্মদ সেলিমকে বলেছেন, ‘মোহাম্মদ সেলিম কি লেনিন? আগে রায়গঞ্জের মানুষদের বোঝান। ওনার কথা তো সেখানকার মানুষ শুনতে চাইছে না।’