মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বিশ্বে অনেকের কাছেই প্রায় নেলসন ম্যান্ডেলার সমতুল্য। একনিষ্ঠ ভক্তদের কাছে এর চেয়েও বেশি কিছু। নোবেল বিজয়ী সেই ‘আপসহীন’ নেত্রীর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) আসন্ন সাধারণ নির্বাচনে দলীয় প্রার্থীর তালিকায় মুসলিমদের বাদ দিল।
মুসলিমদের প্রতি এনএলডির উপেক্ষা মানসিকভাবে বিপর্যস্ত করেছে সিটু মংকে (২৯)। এই মুসলিম যুবক ইয়াংগুনের কাছের শহর পাবেদান আসন থেকে এনএলডির মনোনয়ন চেয়েছিলেন। এলাকাটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। আর সে জন্য তাঁর পক্ষে বিজয়ী হয়ে আসাটাও সহজ হতে পারত। তবে এনএলডি সিটুকে মনোনয়ন না দিয়ে দিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী আরেক প্রার্থীকে। সিটু বলছিলেন, ‘আমি আশা করেছিলাম এনএলডি যোগ্য প্রার্থীদের সুযোগ দেবে। প্রার্থিতার ক্ষেত্রে ধর্ম ও জাতিগত কোনো বৈষম্য দেখানো হবে না।’ সিটু মং মনে করেন, তাঁকে প্রার্থী না করার পেছনে ধর্ম একটি বড় ভূমিকা পালন করেছে।
একসময়ের তুখোড় ছাত্রনেতা সিটু মং ২০০৭ সালের সরকারবিরোধী আন্দোলন সংগঠিত করেছিলেন। আন্দোলনের জন্য তাঁকে কারাগারেও যেতে হয়েছে।
সু চির দল পার্লামেন্টের বেসামরিক আসনের দুই-তৃতীয়াংশ পাওয়ার জন্য মরিয়া। এ সংখ্যায় আসন পেলেই কেবল এনএলডির মনোনীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে। মনে করা হচ্ছে, সেই বিবেচনা থেকেই দলটি বিশেষ করে কট্টরপন্থী বৌদ্ধভিক্ষুদের চটাতে চায় না।
নির্বাচনের ১ হাজার ১৫১ জন প্রার্থীর মধ্যে এনএলডি একজন মুসলিমকেও মনোনয়ন দেয়নি। এটি দলটির পরিকল্পিত বৈষম্যমূলক নীতির বহিঃপ্রকাশ কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইয়াংগুন ও মান্দালয়ের মুসলিমদের উপেক্ষা করা হয়েছে।
জানতে চাইলে এনএলডির অন্যতম প্রতিষ্ঠাতা উ টিন ও বললেন, ‘এর মধ্যে কোনো বৈষম্য আছে কি না, আমি জানি না।’
মিয়ানমারে এখন মুসলিমদের সংখ্যা ঠিক কত তা স্পষ্ট নয়। গত বছর চালানো আদমশুমারির ফলাফল এখনো পুরো প্রকাশ করেনি মিয়ানমার সরকার। তবে সাধারণ ধারণা হলো, এ সংখ্যা মোট জনসংখ্যার ৪ থেকে ১০ শতাংশ হবে। এদের মধ্যে রোহিঙ্গারা চরম বৈষম্যের শিকার। তাদের দুর্গতির বিষয়ে সু চির বক্তব্যও আন্তর্জাতিক মানবাধিকারকর্মীদের পছন্দ হয়নি।
আদর্শের চেয়ে রাজনীতি যে বেশি দরকার, সেই মনোভাবের আরেক প্রমাণ সু চি দিয়েছেন এ বছরের শুরুতে। সে সময় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দূত ইয়াহি লিকে অবমাননাকর ভাষায় গালি দেন মিয়ানমারের প্রভাবশালী অতি উগ্রপন্থী বৌদ্ধভিক্ষু আশিন ওয়াইরাথু। সু চি তখন তাঁর মন্তব্যের বিষয়ে কোনো কিছু বলতে চাননি।
মিয়ানমারের মুসলিম অধিকার কর্মী মাইট থু বললেন, ‘এটা ভাগ্যের নির্মম পরিহাস যে এই সু চিই ফ্রিডম ফ্রম ফিয়ার (ভয় থেকে মুক্তি) লিখেছেন। আর এখন তিনি নিজেই ভয় পাচ্ছেন। আমার মনে হয়, সু চি তাঁর সাহস হারিয়ে ফেলেছেন।’
সাবেক ছাত্রনেতা মেয়া আই বলেন, ‘অনেক মুসলিম দীর্ঘদিন ধরে এনএলডির প্রতি সমর্থন দিয়ে গেছে তারা। পার্লামেন্টে এ সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব অবশ্যই থাকা উচিত।’ সূত্র: বিবিসি।