আফগানিস্তানের সরকার ও তালেবানের মধ্যে সদ্য অনুষ্ঠিত প্রথম দফা সরাসরি সংলাপ দুই পক্ষের মধ্যে সম্পর্কের বরফ গলিয়ে থাকতে পারে। কিন্তু এটা কঠিন পথে এক দীর্ঘ যাত্রার শুরু মাত্র। কার্যত, দীর্ঘদিনের বৈরী দুই পক্ষকে একটি আন্তরিকতাপূর্ণ ও বাস্তবধর্মী শান্তি আলোচনায় বসানোর বিষয়টিই এখনো সময়সাপেক্ষ ব্যাপার।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মারি শহরে অনেকটা চুপিসারে গত মঙ্গলবার ওই শান্তি আলোচনা শুরু হয়। বুধবার বৈঠক শেষ হওয়ার পরই কেবল এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসে আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানের পক্ষ থেকে। সন্ত্রাসকবলিত আফগানিস্তানে একটি রাজনৈতিক সমাধান প্রশ্নে এই বৈঠককে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। আলোচনার সঙ্গে সম্পৃক্ত একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কূটনীতিক বলেন, ‘এটা একটা প্রক্রিয়ার শুরু মাত্র। এখন দুই পক্ষ কীভাবে সামনে এগোবে, তার ওপরেই সবকিছু নির্ভর করছে।’
মঙ্গলবারের বৈঠকটি ছিল আফগান সরকারের কর্মকর্তা এবং তালেবান প্রতিনিধিদের মধ্যে অনেকগুলো অনানুষ্ঠানিক যোগাযোগের ফসল। সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন দেশে এসব অনানুষ্ঠানিক বৈঠক হয়। অতীতে তালেবান দখলদারি শক্তি হিসেবে মার্কিনদের সঙ্গে সংলাপে বসতে রাজি হলেও কাবুল সরকারের সঙ্গে বসতে রাজি হয়নি।
মারি বৈঠকের আসল গুরুত্ব হলো, এই বৈঠকে আফগান সরকার ও তালেবান যেমন তাদের নিজেদের অনুমোদিত প্রতিনিধিদের পাঠিয়েছে, তেমনি সেখানে ছিলেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। এমন একটি বৈঠকের মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য সহজসাধ্য ছিল না। আলোচনায় সম্পৃক্ত একজন পাকিস্তানি কর্মকর্তা বলেন, তালেবানকে রাজি করতে মাসের পর মাস নিবিড়ভাবে চেষ্টা করতে হয়েছে। এর আগে বেশ কয়েকবার শেষ মুহূর্তে এসে তালেবান পিছু হটেছে।
বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে আলোচনার ফল নিয়ে পাকিস্তানি কূটনীতিকদের পাশাপাশি বিদেশি কূটনীতিকেরাও উচ্ছ্বসিত। একজন বিদেশি কূটনীতিকের মতে, বৈঠকে উভয় পক্ষই নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো প্রকাশের ক্ষেত্রে জোর দেখিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আলোচনার পরিবেশটা নষ্ট হয়নি।
জাতিসংঘে পাকিস্তানের কূটনীতিক মালিহা লোদি বলেন, ‘সমঝোতার বিষয়টি আসলে একটি প্রক্রিয়া। একটিমাত্র ঘটনা নয়। মারি বৈঠককে আমাদের দেখতে হবে প্রতিশ্রুতিশীল ও ফলমুখী শান্তি প্রক্রিয়ার শুরু হিসেবেই।’
সংলাপকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে, তাকে এ আলোচনার গুরুত্ব স্বীকার করা হিসেবেই দেখছেন বেশির ভাগ বিশ্লেষক ও কূটনীতিক। কিন্তু বহু উপদলে বিভক্ত তালেবান বাহিনী প্রকৃত একটি শান্তি প্রক্রিয়ায় সত্যিই আগ্রহী কি না, তা নিয়ে সন্দিহান কিছু আফগান বিশ্লেষক। এই সন্দেহ আরও দানা বেঁধেছে নিউইয়র্ক টাইমস-এর একটি খবরে। এতে তালেবানের কাতার অফিসের একজন প্রতিনিধির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মারি বৈঠক ‘অনুমোদিত নয়’। তালেবানের কাতার অফিস ও পাকিস্তানভিত্তিক শুরা কাউন্সিলের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে, ওই খবরকে তার প্রমাণ হিসেবেই দেখছেন কিছু বিশ্লেষক।
তবে সমস্যা যত কঠিনই থাকুক, মারি বৈঠকে তালেবানের কিছু জ্যেষ্ঠ নেতার অংশগ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন কূটনীতিকেরা। একজন পশ্চিমা কূটনীতিক বলেন, ‘সবাই এক পথে চলবে, এটা প্রত্যাশা করা ঠিক হবে না। এ ধরনের প্রক্রিয়ার ব্যাপারে মতপার্থক্য থাকবে, সেটাই স্বাভাবিক।’