কফিতে ভ্যানগঘের আঁকা ছবি!
এক কাপ কফি। কিন্তু ক্রিম ও কফি দানা দিয়ে নকশা করলে তা শুধু খাওয়ার জিনিস থাকে না। বরং চোখেও বেশ আরাম দেয়। আর সেই নকশার কাজটিই করেন দক্ষিণ কোরিয়ার লি কাং বিন। কফির কাপে ফুটিয়ে তোলেন ভ্যানগঘের আঁকা ছবি থেকে পোকেমন পর্যন্ত।
২৬ বছরের লির একটি কফিশপ আছে। দোকানটির নাম ক্যাফে সি। সেখানেই ধোঁয়া ওঠা কফির কাপে নকশার কাজ করেন লি। তবে এই কাজকে ‘শিল্প’ বলতেই পছন্দ করেন তিনি। লি এর নাম দিয়েছেন ‘ক্রিম আর্ট’।
লি বলেছেন, বিভিন্ন চলচ্চিত্র, বিখ্যাত শিল্পীর আঁকা ছবি প্রভৃতি তুলে আনেন ক্রিম দিয়ে আঁকা ছবিতে। আবার সাম্প্রতিক রাজনীতি বা ছুটির দিনের উপলক্ষ নিয়েও কফির জমিনে ছবি আঁকেন তিনি।
বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ক্যাফে সি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত নানা ধরনের ছবি আঁকা কফিই এর বিশেষত্ব। এখন এ কাজের প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন লি! ক্লাসও নেন সময় করে।
তথ্যসূত্র: ম্যাশেবল