কমান্ডার শিশানির মৃত্যু নিশ্চিত আইএসের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের শীর্ষস্থানীয় নেতা ওমর শিশানির নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক নিউজ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বলে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।
গত মার্চ মাসে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আহত হয়ে শিশানি মারা গেছেন। তবে আমাক নিউজ এখন বলছে, শিশানি ইরাকের যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছেন। তিনি কখন নিহত হয়েছেন, তা সুস্পষ্ট করা হয়নি।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য, গত ৪ মার্চ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে চালানো বিমান হামলায় শিশানি নিহত হন।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় জঙ্গির একজন ছিলেন ওমর। তিনি ওমর দ্য চেচেন নামেও পরিচিত ছিলেন। তাঁর ব্যাপারে তথ্য দিতে গত বছর ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
আইএসের কথিত নেতা আবু বকর আল-বাগদাদির ঘনিষ্ঠ সামরিক পরামর্শক ছিলেন ওমর। তাঁকে আইএসের যুদ্ধ–বিষয়ক মন্ত্রী হিসেবে বর্ণনা করে আসছিল পেন্টাগন।