দলীয় আদর্শের না হলে শুক্রাণু নেবে না ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিস্ট না হলে বা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি সমর্থন না থাকলে শুক্রাণু দান করা যাবে না! এমনই নিয়মের কথা জানিয়েছে চীনের বেইজিংয়ের একমাত্র স্পার্ম ব্যাংক। প্রতীকী ছবিটি রয়টার্সের
কমিউনিস্ট না হলে বা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি সমর্থন না থাকলে শুক্রাণু দান করা যাবে না! এমনই নিয়মের কথা জানিয়েছে চীনের বেইজিংয়ের একমাত্র স্পার্ম ব্যাংক। প্রতীকী ছবিটি রয়টার্সের

কমিউনিস্ট না হলে বা কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি সমর্থন না থাকলে শুক্রাণু দান করা যাবে না! এমনই নিয়মের কথা জানিয়েছে চীনের বেইজিংয়ের একমাত্র স্পার্ম ব্যাংক। গত বুধবার শুক্রাণুদাতাদের যোগ্যতা সম্পর্কিত একটি ঘোষণা দিয়েছে ওই প্রতিষ্ঠান। তাতে বলা হয়েছে, সমাজতান্ত্রিক আদর্শ ও দেশটির শাসক দল কমিউনিস্ট পার্টির প্রতি সমর্থন থাকতে হবে দাতাদের।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বেইজিংয়ের একমাত্র স্পার্ম ব্যাংক হলো পিকিং ইউনিভার্সিটি থার্ড হাসপাতাল। এটি সরকারি হাসপাতাল এবং একটি শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান।

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ উইচ্যাটে হাসপাতালের অফিশিয়াল অ্যাকাউন্টে গত বুধবার একটি বিবৃতি পোস্ট করা হয়। তাতে বলা হয়েছে, শুক্রাণুদাতাদের অবশ্যই ‘ভালো আদর্শিক গুণাবলি’ থাকতে হবে। ২০ থেকে ৪৫ বছর বয়সী রোগমুক্ত পুরুষেরা শুক্রাণু দান করতে পারবেন। আর এই দাতাদের অবশ্যই ‘মাতৃভূমিকে ভালোবাসতে হবে, কমিউনিস্ট পার্টির নেতৃত্বের প্রতি সমর্থন থাকতে হবে, পার্টির লক্ষ্য-উদ্দেশ্যের প্রতি অনুগত থাকতে হবে, ভদ্র ও সভ্য হতে হবে, দেশের আইন মানতে হবে এবং রাজনৈতিক সমস্যামুক্ত’ হতে হবে।

তবে কীভাবে শুক্রাণুদাতাদের রাজনৈতিক ভাবনার সত্যতা পরীক্ষা করা হবে, সেই ব্যাপারে হাসপাতালের বিবৃতিতে কিছু বলা হয়নি। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রাথমিকভাবে দুটি ধাপে শুক্রাণুদাতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রথমে তাঁদের শুক্রাণুর মান পরীক্ষা করা হবে এবং পরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এ জন্য ৯০০ ডলার বা সাড়ে পাঁচ হাজার ইউয়ান পরিশোধ করতে হবে।

স্পার্ম ব্যাংক হলো মানবশুক্রাণু সংরক্ষণের স্থান। এখানে কৃত্রিম প্রক্রিয়ায় শুক্রাণু সংরক্ষণ করা হয়। পরবর্তী সময়ে সেই শুক্রাণু ব্যবহার করে যেকোনো নারী গর্ভধারণ করতে পারেন।

দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, চীনের কমিউনিস্ট সরকার দেশটিতে আদর্শিক প্রচারণা জোরদার করার প্রস্তুতি নিয়েছে এবং এরই অংশ হিসেবে হয়তো থার্ড হাসপাতালটি শুক্রাণুদাতাদের ওপর এমন পূর্বশর্ত আরোপ করেছে। শুক্রাণু দানের এই অভিযান ও এমন প্রচারণা প্রায় ছয় সপ্তাহ ধরে চলবে।

২০১৬ সালে চীনে এক সন্তান নীতি শিথিল করার পর থেকেই দেশটিতে শুক্রাণুর চাহিদা বেড়ে চলেছে। তবে দেশটির স্পার্ম ব্যাংকে সংরক্ষিত শুক্রাণুর মান নিয়ে অনেকেই সন্দিহান।

এদিকে বেইজিংয়ের স্পার্ম ব্যাংকের এমন শর্তে চীনের সামাজিক মাধ্যমগুলোয় আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। উইচ্যাটে এক ব্যক্তি লিখেছেন, ‘যে পার্টি শুক্রাণু দিয়ে যাত্রা শুরু করেছে, তার জন্য ভালোবাসা।’ অন্যদিকে ওয়েইবো’তে আরেক ব্যক্তি লিখেছেন, ‘তাঁরা হয়তো জীববিজ্ঞান পড়েননি। অর্জিত গুণ কখনো এভাবে দেওয়া যায় না।’

পুরো চীনজুড়ে মাত্র ২৩টি স্পার্ম ব্যাংক রয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে। তবে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রাণু সংরক্ষণের এসব প্রতিষ্ঠানে দাতাদের সংকট রয়েছে। তবে বেইজিংয়ের মতো অন্যান্য শহরের স্পার্ম ব্যাংকে কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত থাকার বাধ্যবাধকতা দেওয়া হয়নি।