কম্বোডিয়া থেকে বন্ধ হলো মায়ের দুধ রপ্তানি
কম্বোডিয়া থেকে মায়ের দুধ রপ্তানি করা নিষিদ্ধ হয়েছে। দেশটির সরকার গত মঙ্গলবার এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশটির অনেক নারী এই বিতর্কিত ব্যবসায় জড়িত ছিলেন। এ ব্যবসার সমালোচনা করে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিল।
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের অ্যামব্রোসা ল্যাবস নামের একটি কোম্পানি কম্বোডিয়া থেকে মায়ের দুধ আমদানির পর পাস্তুরিত করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। কম্বোডিয়ার নমপেনের নারীরা পাত্রে ভরে ওই দুধ বিক্রি করেন। তারপর তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়।
কম্বোডিয়ার মন্ত্রিসভা মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে ওই দুধ রপ্তানিপ্রক্রিয়া বন্ধ করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ-সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, কম্বোডিয়া গরিব দেশ এবং এখানকার জীবনযাত্রা খুব কঠিন হলেও অবস্থা এতটা খারাপ হয়নি যে, মায়েদের দুধ বিক্রি করতে হবে।
ইউনিসেফ নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়ে বলেছে, এ ব্যবসা নিপীড়নমূলক। মায়ের দুধ বাড়তি রয়ে গেলে সেটা কম্বোডিয়ার অপুষ্ট শিশুদের কল্যাণে কাজে লাগানো উচিত।