করোনা মহামারিতে জাপানে বাড়ছে শিশু নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর জাপানে শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে
ফাইল ছবি: রয়টার্স

করোনা মহামারি পারিবারিক বন্ধন দৃঢ় করে তোলার চমৎকার সুযোগ তৈরি করেছে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু জাপানের সাম্প্রতিক কিছু পরিসংখ্যান সেই ধারণাকে যেন ভুল প্রমাণ করে দিচ্ছে। সম্প্রতি জাপানের জাতীয় পুলিশ এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশে শিশু নির্যাতনের ২ হাজার ১৭০টি ঘটনা তদন্ত করে পুলিশ। আগের বছরের তুলনায় শিশু নির্যাতনের হার ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।

তবে শিশুদের অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করা বেসরকারি কয়েকটি সংগঠনের দাবি, পুলিশ এজেন্সির প্রতিবেদনে প্রকৃত সত্য উঠে আসেনি। সংগঠনগুলো বলছে, শিশু নির্যাতনের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
পুলিশের তদন্ত করা ঘটনার বাইরেও দেশের শিশুকল্যাণ কেন্দ্রগুলোতে নির্যাতিত শিশুদের বহু অভিযোগ পাওয়া গেছে। এই সংখ্যা ২০২১ সালে রেকর্ডসংখ্যক বেড়ে ১ লাখ ৮ হাজার ৫০টিতে দাঁড়িয়েছে। আগের বছরের চেয়ে অভিযোগ ১ শতাংশ বেশি। এ ছাড়া টানা দুই বছর ধরেই শিশু নির্যাতনের অভিযোগ এক লাখ ছাড়িয়েছে।

কেন এমন হচ্ছে, তার কারণ খুঁজে দেখার চেষ্টা করেছেন দেশটির সমাজবিজ্ঞানীরা। তাঁরা বলছেন, শারীরিক অসুস্থতা ছাড়াও করোনা মহামারির নেতিবাচক দিকগুলো মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। এর মধ্যে রয়েছে আয় কমে যাওয়া, চাকরি নিয়ে দুশ্চিন্তার কারণে নাগরিকদের ওপর মানসিক চাপ বৃদ্ধি। এসব কারণে শিশুদের ওপর নিপীড়নের পাশাপাশি বেড়েছে পারিবারিক সহিংসতাও। জাতীয় পুলিশ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরে ৮৩ হাজার ৩৫টি পারিবারিক সহিসংতার ঘটনা ঘটেছে।

কিছুদিন আগে এক মাস বয়সী কন্যাশিশুর মাথায় আঘাত করে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, অনেক ব্যক্তি কর্মস্থল থেকে ঘরে ফিরে ঘুমানোর সময় শিশুর কান্নাকাটি সইতে না পেরে প্রায়ই ছোট্ট শিশুকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। তবে মৃত্যুর ঘটনা ঘটলেই এসব ঘটনা প্রকাশ্যে আসে। জাপানে এ রকম শিশু নির্যাতনকে বলা হয় ‘পাপা মিশিরি’, যার অর্থ দাঁড়ায় বাবার বিরক্তি।

অপর দিকে ক্ষেত্র বিশেষে মায়েদের বিরুদ্ধেও শিশুর ওপর নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া যায়। গত সপ্তাহে পশ্চিম জাপানের তাকামৎসু শহরে ৩ মাস বয়সী পুত্র সন্তানকে মারধর করার অভিযোগে ২৩ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ পুলিশকে তিনি বলেছেন, কান্না থামাচ্ছিল না বলে শিশুটির মাথায় আঘাত করেন। একপর্যায়ে শিশুটির নিশ্বাস নেওয়া বন্ধ হয়ে গেলে ওই মা নিজেই হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্সের জন্য অনুরোধ করেন। হাসপাতালে নেওয়ার পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

তবে এসব ঘটনাকে স্বাভাবিক জীবনের অংশ হিসেবে ধরে নেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন অনেক সমাজবিজ্ঞানী। এর কারণ, জাপানে পারিবারিক বন্ধন বিশ্বের উন্নত অনেক দেশের তুলনায় অনেক দৃঢ়। এ কারণেই দুর্দিনের এসব ছোটখাটো ব্যতিক্রমী বিচ্যুতি করোনা বিদায় নিলে আর দেখা যাবে না, এমন প্রত্যাশা সবার।