করোনা রোগীদের হাসপাতালে জায়গা দিতে পারছে না হংকং
করোনা সংক্রমণের পঞ্চম ঢেউ সামলাতে হিমশিম খাচ্ছে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রোগীদের জায়গা দিতে পারছে না স্থানীয় হাসপাতালগুলো। হাসপাতালের বাইরেও শয্যা পেতে অনেককে চিকিৎসা দিতে হচ্ছে। খবর বিবিসির
৭৫ লাখ অধিবাসীর শহর হংকংয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২৬ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই শতাধিক মানুষের। একই আকারের অন্য শহরগুলোর তুলনায় হংকংয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তা ছাড়া হংকংয়ে টিকা গ্রহণকারীর সংখ্যাও অপেক্ষাকৃত কম। জনগণকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সরকারকে হিমশিম খেতে হচ্ছে।
এর মধ্যেই করোনার অমিক্রন ধরনের কারণে অঞ্চলটিতে সংক্রমণের পঞ্চম ঢেউ শুরু হয়েছে। গত বুধবার দৈনিক শনাক্ত রেকর্ড ৪ হাজার ২৮৫ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার হংকং কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। ১০ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তির অপেক্ষায়। বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮ হাজারে পৌঁছাতে পারে।
বেইজিংপন্থী সংবাদপত্র ওয়েন ওয়েই পো ও তা কুং পাওয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, হংকংয়ে করোনা সংক্রমণ ঠেকাতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। এই বার্তার জবাবে হংকংয়ের নেতা ক্যারি ল্যাম বলেছেন, সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ কার্যকরের জন্য সব রকমের জনশক্তি ও সম্পদকে কাজে লাগাবে স্থানীয় কর্তৃপক্ষ। এর আওতায় করোনা পরীক্ষার হার বাড়ানো, চিকিৎসা সক্ষমতা ও আইসোলেশন সুবিধা বাড়ানো এবং মূল চীনা ভূখণ্ড থেকে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম আনাকে প্রাধান্য দেওয়া হবে।