করোনা সন্দেহে মুর্শিদাবাদ হাসপাতালে ভর্তি যুবকের মৃত্যু
ভারতজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা আজ সোমবার বেড়ে ৪০–এ পৌঁছেছে। মুর্শিদাবাদে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি সৌদিফেরত জিনারুল হক নামের একজনের মৃত্যু হয়েছে গতকাল রোববার বিকেলে।
৩৩ বছর বয়সী জিনারুল হক সৌদি আরবের একটি হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। গত শনিবার সকালে তিনি বিমানে সৌদি আরব থেকে কলকাতায় আসেন। এরপর সেখান থেকে চলে যান নিজের গ্রামের বাড়ি মুর্শিদাবাদের নবগ্রাম পলাশবাড়িয়ায়। মুর্শিদাবাদে অসুস্থ বোধ করেন। গতকাল ভোরে তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে ভর্তি করা হয় করোনার সন্দেহে। রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। বিকেলে মারা যান জিনারুল হক। তাঁর রক্ত পরীক্ষাগারে পাঠানোর আগেই মৃত্যু হয়।
তবে পরিবার থেকে দাবি করা হয়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে জিনারুল হকের মৃত্যু হয়েছে। এখন তাঁর মৃত্যু করোনাভাইরাসে কি না, এ বিষয়ে প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। সেই প্রতিবেদন পাওয়ার পর যদি দেখা যায় জিনারুল হক করোনাভাইরাসে মারা গেছেন, তবে তিনিই হবেন ভারতে করোনাভাইরাসে মারা যাওয়া প্রথম ব্যক্তি।
ভারতে আক্রান্ত ৪০
ভারতে এখন এই করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৪০–এ পৌঁছেছে। এর মধ্যে গতকাল সকালে সৌদি আরব থেকে কলকাতা বিমানবন্দরে আসা এক ভারতীয় নাগরিক। করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বিমানবন্দর থেকে তাঁকে সোজা বেলেঘাটার আইডি হাসপাতালে পাঠানো হয়। রাখা হয় আইসোলেশন ওয়ার্ডে। ওই ব্যক্তির নাম মিনারুল শেখ। বাড়ি মুর্শিদাবাদে। তিনি সৌদি আরবের হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। মিনারুল শেখ কলকাতায় বিমানবন্দরে নামার পর তাঁকে থার্মাল স্ক্যান করা হয়। তাঁর শরীরে জ্বর ও কাশির অস্তিত্ব পাওয়া যায়। এরপরই করোনায় আক্রান্ত রোগী সন্দেহে পাঠানো হয় বেলেঘাটার আইডি হাসপাতালে। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
কেরালায় এক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
গতকাল ভারতের দক্ষিণের রাজ্য কেরালায় মিলেছে একই পরিবারের করোনায় আক্রান্ত পাঁচ রোগী। এই পরিবারের তিনজন সম্প্রতি ইতালি থেকে দেশে ফেরেন। তাঁদের সংস্পর্শে ওই পরিবারের আরও দুজন আক্রান্ত হন। এ পাঁচজনকে সন্দেহভাজন শনাক্ত করে পাঠানো হয়েছে কেরালার হাসপাতালে।
অন্যদিকে, করোনার আতঙ্কে ভারত-চীন সীমান্তের অরুণাচল প্রদেশে বিদেশি পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ অরুণাচল প্রদেশে বিদেশিদের ঢোকার জন্য প্রয়োজন হতো প্যাপ বা ‘প্রেটেক্টেড এরিয়া পারমিট’। অরুণাচলের মুখ্য সচিব নরেশ কুমার গতকাল জানিয়ে দেন, অরুণাচলে আপাতত বাতিল করা হয়েছে প্যাপ। একইভাবে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে ভারতের চীন সীমান্তের আরেকটি রাজ্য সিকিমেও।
আগ্রায় ৬ জন হাসপাতালে
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আগ্রার ছয় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আগ্রার জুতো রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। গত মাসে তাঁরা ইতালির মিলানে গিয়েছিলেন এক জুতা প্রদর্শনীতে। সেখান থেকে ফেরার পর তাঁরা করোনার আক্রমণে পড়েন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের ভর্তি করা হয়েছে দিল্লি রামলোহিয়া এবং সফদার জং হাসপাতালে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগ্রার ওই ছয় ব্যক্তির করোনায় আক্রান্তের কথা স্বীকার করেছে। এ ছাড়া তামিলনাড়ুতেও সন্দেহভাজন এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
অন্যদিকে, ভারত–নেপাল সীমান্তেও করোনা প্রতিরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে নেপাল-ভারত সীমান্তের পানিট্যাংকিতে শুরু হয়েছে নেপালে যাতায়াত করা নাগরিকদের থার্মাল স্ক্রিনিং।