করোনাভাইরাসে তাঁর স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগান নারী জুহাল আতমার তাঁর কারখানা বন্ধ রাখায় উৎপাদন করতে পারছেন না। ছবি: এএফপি
আফগান নারী জুহাল আতমার তাঁর কারখানা বন্ধ রাখায় উৎপাদন করতে পারছেন না। ছবি: এএফপি

করোনাভাইরাসের কারেণ বিশ্বজুড়ে টয়লেট পেপারের চাহিদা বেড়ে গেছে। অনেক দেশেই এখন টয়লেট পেপারের আক্রা। সে অনুযায়ী, এখন ব্যবসা ভালো হওয়ার কথা আতমারের। কিন্তু লকডাউনের কারণে এখন কারখানা বন্ধ করে দিতে বাধ্য তিনি। কারখানা বন্ধের সঙ্গে সঙ্গে ভেঙে যেতে বসেছে বহু কষ্টে বহু পথ পাড়ি দেওয়া এই নারীর কারখানা সম্প্রসারণের স্বপ্ন।

আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে উঠে এসেছে করোনাভাইরাসের কারণে আতমারের সেই স্বপ্নভঙ্গের কাহিনি।


আতমারের কারখানার কাঁচামাল, ব্যবসার মূল উপকরণ বর্জ্য শুকিয়ে যাচ্ছে। বর্জ্য, ফেলে দেওয়া কাগজ ও কাপবোর্ডের অভাবে আতমার নতুন করে ব্যবহারযোগ্য করার মাধ্যমে সাদা ও গোলাপি টয়লেট পেপার রোল তৈরি করতে পারছেন না।
কাবুলের বাসিন্দা আতমার এএফপিকে বলেন, করোনাভাইরাসের কারণে এখন তিনি যে চ্যালেঞ্জের সম্মুখীন, সেটা তাঁর দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


৩৫ বছর বয়সী এই নারী বলেন, ‘নিরাপত্তা ঝুঁকির মধ্যেও এত দিন কারখানা খোলা রাখা যাচ্ছিল। কিন্তু এখন হাত গুটিয়ে নেওয়া ছাড়া কোনো উপায় রইল না।’


আতমারের ঘটনা এখন বিশ্বের দেশে দেশে। করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। ব্যাহত হচ্ছে ব্যবসা–বাণিজ্য।


আফগানিস্তানের মতো পুরুষ আধিপত্যের দেশে নারীদের যেখানে কণ্ঠ তুলতে দেওয়া হয় না, সেখানে নানা প্রতিকূলতা পেরিয়ে ‘গুল–ই–মুরসাল’ নামে নিজের প্রতিষ্ঠান তৈরি করেন আতমার।


আতমার বলেন, ‘ঋণ পেতে গ্যারান্টর লাগে, ব্যবসায়ী অংশীদার এবং অবশ্যই ঋণের বিপরীতে সম্পত্তি দেখাতে হয়। নারীদের এসব বিষয়ে ততটা জানাশোনা থাকে না। পুরুষদের এর চেয়ে ভালো নেটওয়ার্ক থাকে বেশির ভাগ ক্ষেত্রে। পারিবারিক সম্পত্তি ছেলেরা পায়, মেয়েরা না। এ কারণে সম্পদ দেখানো সম্ভব হয় না।’


আফগানিস্তানে আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করার সুবাদে ব্যবসা শুরু করার সময়ে প্রাথমিক অনেক বাধা কাটিয়ে উঠতে পেরেছিলেন আতমার।


ইউএসএআইডি তাঁকে এক লাখ ডলার ঋণ দিয়েছিল চীন থেকে যন্ত্রপাতি কিনতে। এ ছাড়া তিনি নিজের সঞ্চয়ও ঢেলেছিলেন ব্যবসায়। তবে আরও অনেক ঝামেলা যেন অপেক্ষায় ছিল। আফগানিস্তানে যোগ্য টেকনিশিয়ান না পেয়ে তিনি চীন ও পাকিস্তান থেকে টেকনিশিয়ান এনেছিলেন। এর মধ্যে বিদ্যুতের আসা–যাওয়া তো ছিলই। আতমার বলেন, বিদ্যুৎ ব্যবস্থা ছিল দুঃস্বপ্নের মতো।


আতমার জানান, পাঁচ বছর আগে তিনি যখন প্রথম কাবুলে রিসাইক্লিংয়ের কারখানাটি পরিদর্শনে এসেছিলেন, তখন রাস্তায় একজন নারীও দেখেননি। আজ তাঁর কারখানায় ৩০ শতাংশ নারী কর্মী রয়েছেন। তিনি বলেন, ‘আমি আরও বেশিসংখ্যক মেয়েকে কাজে নিতে চাই। আমি তাঁদের সমস্যা বুঝি। যে কষ্ট ভোগ করেন তাঁরা, সেটা জানি।’


চার বছর বয়সী ছেলের মা আতমার বলেন, আফগানিস্তানে পাারিবারিক জীবনের বাইরে নারীদের ব্যবসার স্বপ্ন থাকাকে ভালো চোখে দেখা হয় না। ফলে অনেক নারীই তাঁর আকাঙ্ক্ষা পূরণের পথ থেকে সরে আসতে বাধ্য হন।


উচ্চমধ্যবিত্ত পরিবারের সন্তান আতমারের মা স্কুলশিক্ষক ছিলেন। নিজের স্বপ্ন পূরণ হওয়া নিয়ে সন্দিগ্ধ ছিলেন আতমার। কারণ, তাঁর পরিবারকেও যুদ্ধের মধ্য দিয়ে যেতে হয়েছে। পরিবারটি পাকিস্তানে পালিয়ে গিয়েছিল এবং ফিরে আসে ২০০১ সালে তালেবান সরকারের পতনের পর।


করোনাভাইরাস পরিস্থিতিতে নিজের ব্যবসায়িক ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে আতমার বলেন, লকডাউনের আগে আতমারের কারখানায় দিনে চার টন বর্জ্য প্রক্রিয়াজাত করা হতো। কাবুল সিটি করপোরেশন থেকে প্রতিদিন সাত হাজার মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হতো। করোনাভাইরাস পরিস্থিতিতে টয়লেট পেপার কেনার হিড়িক শুরু হলে কারখানার কাজ আরও সম্প্রসারিত করার পরিকল্পনা করেন আতমার। তবে সে পরিকল্পনা আর বাস্তবে রূপ পাওয়ার সুযোগ পায়নি। যুক্তরাষ্ট্র ও ইউরোপে তাঁর পণ্য বিক্রির চুক্তি হয়েছিল। তবে এখন সেটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।


আতমার বলেন, যে রাসায়নিক পদার্থ তাঁরা ব্যবহার করেন, সেটি কাবুলে নেই। সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান থেকে তা আমদানি করতে পারছেন না। এখন কারখানা হয়তো কয়েক সপ্তাহের জন্য বন্ধ রাখতে হবে।


আতমার বলেন, দ্রুত আবার উৎপাদনে যাওয়ার জন্য একটি অলৌকিক ঘটনার অপেক্ষা করছেন তিনি।