করোনার সকালে জাপানি প্রধানমন্ত্রীর ভিডিও বিলাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমালোচনার মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সমালোচনার মূলে আছে আজ রোববারের ছুটির দিনে টুইটারে আপলোড করা একটি ভিডিও বার্তা। প্রধানমন্ত্রীকে সেখানে দেখা যায় একটি সোফায় আরাম করা বসে নিজের কুকুরকে আদর করার পাশাপাশি চায়ের কাপে চুমুক দিয়ে একটি বইয়ের পাতা ওলটাচ্ছেন। অল্প পরেই রিমোট কন্ট্রোলে চাপ দিয়ে দৃশ্যত টেলিভিশনের কোনো অনুষ্ঠান দেখছেন।

টুইটারের বিভক্ত পর্দার অন্য পাশে দেখা গেছে জনপ্রিয় সংগীতশিল্পী গেন হোশিনোকে বাড়িতে বসে গিটার বাজিয়ে গান গাইতে। গানের মধ্যে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বার্তায় যে কথাগুলো হোশিনো বলেছেন তা হলো, ‘আসুন, সকলে আমরা যে যেখানেই থাকি না কেন, দুর্যোগের এই সময়ে ঘর বসে নেচে-গেয়ে বেঁচে থাকি।’

আজ রোববার এই টুইটার আপলোড হওয়ার পর থেকেই টুইটার ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন জাপানের প্রধানমন্ত্রী। অনেকেই বলছেন, আবের সেই বিলাসী টুইটার বার্তা হচ্ছে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মুখে ব্যবসা–বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় বেঁচে থাকার জন্য যাদের সংগ্রাম করতে হচ্ছে, তাদের দুর্দশার প্রতি অবজ্ঞা প্রদর্শন। নিজেকে আপনি কী মনে করেন—এ রকম এক টুইট বার্তার পুনরাবৃত্তি অনেকে করছেন। প্রশ্নসূচক এই বাক্যটি তাঁরা নিয়েছেন শুরুতে একজন টুইটার ব্যবহারকারীর করা মন্তব্য থেকে, যিনি লিখেছিলেন: ‘মানুষ যখন বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত, তেমন এক সময়ে বিলাসী জীবনের এ রকম ছবি দেখে ভেবে পাই না নিজেকে আপনি কী মনে করেন?’

কয়েকজন অবশ্য আবের পক্ষে সাফাই গেয়েও বক্তব্য দিয়েছেন। তাঁদের একজন যেমন বলেছেন এমনকি প্রধানমন্ত্রীকেও নিজেকে ছেড়ে দিয়ে বিশ্রাম নেওয়ার সময় দেওয়া উচিত।

এদিকে জাপানের রাজধানীতে আজ ১৬৬টি নতুন সংক্রমণ চিহ্নিত হওয়ার পর টোকিওতে করোনাভাইরাস সংক্রমণের মোট সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। রোববারের সংখ্যা শনিবারের ১৯৭টি সংক্রমণের চেয়ে কম হলেও এখনো এটা উদ্বেগজনক পর্যায়ে আছে। সারা দেশে সংক্রমণ শনাক্ত হওয়ার সংখ্যা এখন প্রমোদতরি ডায়মন্ড প্রিন্সেসের ৭০০–সহ শনাক্তের সংখ্যা ৭ হাজার ৬০০ ছাড়িয়ে গেছে।

সংকটের মুখে পড়েছে টোকিওর রেস্টুরেন্ট ব্যবসা ও পানশালাগুলো। নগর প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের আহ্বানে সাড়া দিয়ে মানুষ এখন কাজ শেষ করে ঘরে ফিরছে। ফলে চরম সংকটে পড়েছে এসব ব্যবসাপ্রতিষ্ঠানকে। এদের সহায়তা করার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়ে এলেও কীভাবে সেই সাহায্য দেওয়া হবে তার বিস্তারিত কিছুই জানানো হয়নি।

অলিম্পিক অগ্নিশিখা নিয়ে সমস্যা
প্রাচীন ঐতিহ্যের সঙ্গে সংগতি রেখে ২০২০ টোকিও অলিম্পিকের মশালদৌড়ের অগ্নিশিখা প্রজ্বালন করা হয়েছিল ১২ মার্চ গ্রিসের প্রাচীন নগরী অলিম্পিয়ায় সূর্যরশ্মি থেকে। এরপর এক বিশেষ বিমানে সেই শিখা ২০ মার্চ জাপানে নিয়ে আসা হয়। দেশজুড়ে অলিম্পিকের ১২১ দিন ধরে চলা মশালদৌড় ২৬ মার্চ শুরু হওয়ার কথা ছিল। তবে এর আগেই ২০২০ টোকিও অলিম্পিক স্থগিত ঘোষিত হলে মশালদৌড় অনুষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়।

তবে এখন সমস্যা দেখা দিয়েছে টানা এক বছর কীভাবে অলিম্পিক অগ্নিশিখা প্রজ্বালিত রাখা যায়। এখন পর্যন্ত অবশ্য বিশেষ একটি আধারে সেটা সংরক্ষণ করা আছে। তবে কোথায় সেটা রাখা হয়েছে এবং আগুন যেন নিভে না যায়, সে জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে আয়োজক কমিটি কিছু বলেনি। টোকিও অলিম্পিকের আয়োজক কমিটির প্রধান নির্বাহী কর্মকর্তা তোশিরো মুতো গত শুক্রবার বলেছিলেন, কমিটির নিরাপদ তত্ত্বাবধানে অগ্নিশিখা রাখা আছে। একই সঙ্গে এ রকম ইঙ্গিতও তিনি দিয়েছিলেন যে স্থগিত হয়ে যাওয়া অলিম্পিক নতুন ঘোষিত তারিখ অনুযায়ী ২০২১ সালের ২৩ জুলাই শুরু হবে। বিশ্বজুড়ে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হয়ে চলার মুখে তা এখন নিশ্চিত করে বলার উপায় নেই।

মশালদৌড়ের সূচনা পর্বের নতুন করে আয়োজন করার ব্যাপারে আয়োজক কমিটি এখনো সিদ্ধান্ত নেয়নি। ধারণা করা হচ্ছে, ব্যয় সাশ্রয়ের দিকটি বিবেচনা করে অগ্নিশিখা প্রজ্বালিত রাখার কৃত্রিম একটি বিকল্প ব্যবস্থা জাপান হয়তো খুঁজে বের করবে।