কলম্বো ছাড়ছেন দুই লাখ বন্যার্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। রাজধানী কলম্বোর প্রায় দুই লাখ বাসিন্দা রাবারের ডিঙি ও অস্থায়ীভাবে তৈরি ভেলায় চড়ে নিরাপদ স্থানের দিকে ছুটছেন। বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে ত্রাণ তৎপরতা। গত সপ্তাহে শ্রীলঙ্কায় ২৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। ফলে বিস্তৃত এলাকা তলিয়ে যায়। সৃষ্টি হয় মারাত্মক ভূমিধসের। ভূমিধসে ৫০ ফুট মাটির নিচে লোকজনের চাপা পড়ার ঘটনাও ঘটেছে। এ পর্যন্ত ৬০ জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছেন। দেশটির কর্মকর্তারা প্লাবিত এলাকাগুলো থেকে লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যেতে বলছেন। বৃহস্পতিবার রাতভর কলম্বোর বিশাল এলাকা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে হেলিকপ্টার ও নৌকায় করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানীর নিচু এলাকা থেকে দুই লাখ লোককে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আর এরই মধ্যে চার লাখ লোক বাধ্য হয়ে তাঁদের বাড়িঘর ছেড়ে সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
এএফপি