পার্লামেন্ট বসার আগেই কাজের ব্যাপারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার কথা জানিয়েছেন মিয়ানমারের নবনির্বাচিত আইনপ্রণেতারা। গত বুধবার নেপিডোর ইউনিয়ন পার্লামেন্ট ঘুরে এসে আশাবাদী বিভিন্ন প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। দেশটির দৈনিক ইরাবতী পত্রিকা এ খবর জানিয়েছে।
কাল সোমবার মিয়ানমারের নতুন পার্লামেন্ট বসবে। নির্বাচিত আইনপ্রণেতারা আগামী পাঁচ বছর ভোটারদের প্রতিনিধিত্বের পাশাপাশি আইন প্রণয়নে কাজ করবেন। স্বভাবতই ২০১১ সালের সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড জাস্টিস পার্টির (ইউএসডিপি) আধিপত্যপূর্ণ পার্লামেন্টের চেয়ে তা হবে অনেক ভিন্ন। কেননা এবারের পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে ভোটে নির্বাচিত ৪৯১ জন আইনপ্রণেতার মধ্যে ৩৯০টিতেই বিজয়ী হন গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদস্যরা। আর বাকি ১০১ সদস্য প্রতিনিধি করছেন নৃতাত্ত্বিক দল ও ইউএসডিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের। উল্লেখ্য, পার্লামেন্টের উভয় কক্ষে সেনাসদস্যদের জন্য রয়েছে ১৬৬টি সংরক্ষিত আসন।
এনএলডির হয়ে পেগুর তিন নম্বর আসনে উচ্চকক্ষে বিজয়ী হন শ্যুয়ে শ্যুয়ে সেইন ল্যাট। তাঁর কাজের আগ্রহ বহুদূর বিস্তৃত। নির্বাচিত এই নারী বলেন, ‘আমার আগ্রহের জায়গায় থাকবে নারী ও স্বাস্থ্য, নারী ও পরিবেশ এবং নারী ও জ্বালানি।’ তবে নিজ এলাকার সিসা, লোহা ও আর্সেনিক সংমিশ্রিত নিম্নমানের পানি-ব্যবস্থা পরিবর্তন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সবকিছু ছাপিয়ে ‘সব সেক্টরে নারীর উন্নয়ন’ ইস্যুগুলোকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। স্বাস্থ্য খাতে নারী ও শিশুর সেবা নিশ্চিত করতে তিনি জেন্ডার সংবেদনশীল বাজেট গড়ার আশা করছেন।
‘ভোটারদের প্রয়োজন পূর্ণ করা আমাদের দায়িত্ব’ বলে মন্তব্য করেছেন পুনরায় নির্বাচিত নৃতাত্ত্বিক সান গোষ্ঠীর আইনপ্রণেতা সাই থিহা কিয়াও। সান ন্যাশনালিটিস লিগ ফর ডেমোক্রেসির (এসএনএলডি) এই নেতার চাওয়া হলো, সংবিধান সংশোধন, নৃতাত্ত্বিক অধিকার প্রতিষ্ঠা ও সমযোগ্যতার জন্য কাজ করা।
ইরাবতী বিভাগের ওয়াকিমা পৌরসভার বাসিন্দা ও নিম্নকক্ষের আইনপ্রণেতা হওয়ার জন্য বিজয়ী এনএলডি দলের নবনির্বাচিত জো থেইন বলেন, সক্ষমতা উন্নয়নে প্রশিক্ষণ, সংবিধান অধ্যয়ন, দলীয় নীতি, বাজেট এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পার্লামেন্টে কাজ করার কথা তিনি ভাবছেন। তবে জরুরি ইস্যু হিসেবে পরিবেশ অগ্রাধিকার পাবে বলে মনে করছেন তিনি। জো থেইন বলেন, ‘ইরাবতী বিভাগের কিছু শহরের নদীনালায় লোকজন আবর্জনা ফেলে সেসব দূষিত করছেন। কিন্তু আমাদের এর ওপরই নির্ভর করতে হয়।’ পানিপথের সুরক্ষায় কী উপায়ে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করা যায়, সে জন্য শিক্ষাবিদ ও আইন বিশেষজ্ঞদের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন তিনি।
বুধবার পার্লামেন্ট ঘুরে আসা আইনপ্রণেতাদের মধ্যে ছিলেন আরাকান ন্যাশনাল পার্টির তু মেও। উচ্চকক্ষের জন্য বিজয়ী এই আইনপ্রণেতা বলেন, কেবল এনএলডির আইনপ্রণেতাই নয়, সব আইনপ্রণেতারই কাজ হবে, সংবিধান সংশোধনে কাজ করা। যাতে করে আগামী পাঁচ বছরের মধ্যে আরও গণতান্ত্রিক চর্চা হয় দেশে। এটাই পারবে মিয়ানমারকে পরিবর্তন করতে।