কাজাখস্তানের সাবেক প্রধানমন্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

কাজাখস্তানের সাবেক প্রধানমন্ত্রী শেরিক আকমেতভকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দেশটিতে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা শীর্ষ পর্যায়ের সাবেক কোনো নেতার কারাদণ্ডাদেশের ঘটনা এটাই প্রথম। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।
শেরিক আকমেতভ ২০১২ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত কাজাখস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতা অপব্যবহারসহ নানা অভিযোগ ওঠে।
কাজাখস্তানের বাণিজ্যিক শহর কারাগান্দার একটি আদালত গতকাল শুক্রবার শেরিককে দোষী সাব্যস্ত করে ১০ বছর কারাদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও ক্ষমতা অপব্যবহারসহ দুর্নীতির চারটি অভিযোগ প্রমাণ হয়েছে বলে উল্লেখ করেন আদালত।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা যায়, ৫৭ বছর বয়সী শেরিক নিজেকে নির্দোষ দাবি করে প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
আদালতের এক বিবৃতিতে বলা হয়, এসব মামলায় তাঁর সঙ্গে আসামির তালিকায় রয়েছেন কারাগান্দার সাবেক মেয়রসহ ২০জন। এর মধ্যে তিনজনকে খালাস দেওয়া হয়েছে। আর অন্যদের ফৌজদারি ধারায় ও প্রশাসনিকভাবে শাস্তি দেওয়া হয়। অপরাধীদের বেশির ভাগই সরকারি কর্মকর্তা।