কাজের চাপে কর্মীর আত্মহত্যা, প্রতিষ্ঠানপ্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এপ্রিলে জাপানের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা দেনসুতে যোগ দেন ২৪ বছর বয়সী তরুণী মাতসুরি তাকাহাসি। বড় প্রতিষ্ঠানে চাকরির আনন্দই ছিল অন্য রকম। তাই প্রথম প্রথম ফুরফুরে মনেই মাতসুরি কাজ করছিলেন। কাজের চাপ বেশি হলেও তেমন খারাপ লাগছিল না তাঁর। কিন্তু এক-দুদিন নয়। মাসের পর মাস কাজের চাপ কেবল বাড়তেই থাকে। প্রতি মাসেই দেখা গেল তিনি অতিরিক্ত ১০০ ঘণ্টা কাজ করেছেন।
ইউনিভার্সিটি অব টোকিও থেকে পাস করা মাতসুরি অতিরিক্ত এ চাপ আর মেনে নিতে পারছিলেন না। মানসিক ও শারীরিক দুভাবেই ক্লান্ত হয়ে পড়েন। অবসন্ন কোনো একসময় টুইটারে আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করেন। লেখেন, ‘এটি করতে পারলে বেশি ভালো হতো।’
জাপানের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এএফপি জানায়, কাজের অতিরিক্ত চাপে গত বছরের ২৫ ডিসেম্বর বড়দিনে অফিসের ডরমিটরিতে মাতসুরি আত্মহত্যা করেন। আর বিবিসির খবরে বলা হয়, আত্মহত্যার এ সিদ্ধান্তের আগে তিনি তাঁর মায়ের জন্য একটি চিরকুট রেখে যান। সেখানে লিখেন, ‘মা, কেন আমাকে এত নির্মম পথ বেছে নিতে হচ্ছে?’
জাপানের শ্রম আইন অনুযায়ী, পূর্ণকালীন একজন কর্মী সপ্তাহে ৪০ ঘণ্টা আর প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা (বিরতিসহ) কাজ করবেন।
দেশটিতে অতিরিক্ত কাজের চাপে এ ধরনের শত শত মৃত্যুর ঘটনা ঘটছে; যা স্থানীয়ভাবে ‘ক্রোসি’ নামে পরিচিত। কাজের চাপে প্রতিবছর স্ট্রোক বা হৃদ্‌রোগে অনেকে মারা যান। অনেকে আবার আত্মহত্যা করেন। অনেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মাতসুরির এ ঘটনা আদালত পর্যন্ত গড়ায় এবং সেখান থেকে দ্রুত এ পরিস্থিতি সামাল দিতে নির্দেশ দেওয়া হয়।
গত সেপ্টেম্বরে জাপান সরকার জানায়, অতিরিক্ত কাজের চাপেই মাতসুরির মৃত্যু হয়েছে। দেখা গেছে, সকালে অফিসে গেলে দিন-রাত কাজ করে প্রায়ই পরদিন ভোর পাঁচটায় বাড়ি ফিরেছেন মাতসুরি।
দেনসুকে কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ না করাতে বলা হয়। এমনকি অতিরিক্ত কাজ করানোর ঘটনায় গত মাসে শ্রম আইনবিষয়ক কর্মকর্তারা প্রতিষ্ঠানটিতে অভিযান চালান।
এ পরিস্থিতিতে গত বুধবার দেনসুর প্রেসিডেন্ট তাদাসি ইশি আগামী মাসে পদত্যাগের ঘোষণা দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কখনোই অত্যধিক কাজ করা উচিত নয়। আমি এ জন্য গভীর অনুতপ্ত। এ জন্য নিজেকে দায়ী মনে করছি।’
নিজের পদত্যাগের ঘোষণা সম্পর্কে তাদাসি বলেন, ‘আমি এর পুরো দায়িত্ব নিচ্ছে এবং জানুয়ারিতে বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করব।’
গত অক্টোবরে সরকারি এক জরিপে দেখা যায়, জাপানের প্রতি পাঁচটির মধ্যে একটি কোম্পানির কর্মীরা দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজ করার কারণে মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছেন।