কাঠমান্ডুতে ফের মদেশীয় বিক্ষোভের উত্তাপ

নতুন গৃহীত সংবিধান বাতিলের দাবিতে নেপালের মদেশীয় সম্প্রদায়ের লোকজন আবার বিক্ষুব্ধ হয়ে উঠেছে। দ্বিতীয় দিনের মতো গতকাল সোমবার রাজধানী কাঠমান্ডুতে মদেশীয় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
গতকাল বিক্ষোভকারীরা নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। তারা সরকারবিরোধী স্লোগান দেয়। এ সময় পুলিশের তৈরি ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ এসে লাঠিপেটা করে। তবে কয়েকজন আহত হলেও দুই পক্ষের কেউই গুরুতর জখম হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য সরকারি দপ্তর সিংহ দরবারের ঢোকার চারটি মূল রাস্তা তারা বন্ধ করে দেয়। সকাল থেকেই এখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর আগের দিনও বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। ওই দিন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়।
এবারের বিক্ষোভে শুধু মদেশীয় নয়, আরও কয়েকটি জাতিসত্তার লোকজনও শামিল হয়েছে। ‘সংঘ মহা গাঁটবন্ধন’ নামে একটি অভিন্ন ব্যানারে মদেশীয়দের পাশাপাশি জনজাতি, দলিত এবং মুসলিম সংখ্যালঘুরাও যোগ দেয়। মদেশীয় অধ্যুষিত এলাকা ভেঙে আলাদা রাজ্য তৈরি করাতেই মূল ক্ষোভ নেপালের অন্যতম বড় এই সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা মদেশীয় অধ্যুষিত এলাকাগুলোকে নিয়ে একটি বৃহৎ রাজ্য দাবি করছে। তাদের দাবি, রাজনৈতিকভাবে অসংগঠিত করতেই মদেশীয় রাজ্যকে ভাগ করা হয়েছে। অন্য সম্প্রদায়গুলো তাদের জন্য আলাদা রাজ্যের আন্দোলন করছে।
আন্দোলনকারী দল সংঘ সমাজবাদী ফোরাম, নেপালের সাধারণ সম্পাদক রাজেন্দ্র শ্রেষ্ঠা বিভিন্ন গোষ্ঠীর একত্রে আন্দোলনকে ‘একতাবদ্ধ হওয়ার বিরল উদাহরণ’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন যদি এই একতা অটুট থাকে, তবে সরকার দাবি মেনে নিতে বাধ্য হবে।
রাজেন্দ্র শ্রেষ্ঠা বলেন, দাবি না মেনে নেওয়া পর্যন্ত কাঠমান্ডুভিত্তিক এই আন্দোলন চলতেই থাকবে।
তিন মাস আগে নেপালের সংবিধান গৃহীত হওয়ার সময় আন্দোলন শুরু করে মদেশীয়রা। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভে প্রায় ১০০ মানুষ নিহত হয়। এদের বেশির ভাগই আন্দোলন-সমর্থক। একপর্যায়ে ভারত নেপালসংলগ্ন সীমান্ত নিরাপত্তা অজুহাতে বন্ধ করে দেয়। ফলে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রবের সংকটে পড়ে নেপাল। নেপাল অভিযোগ করে, বিক্ষোভের পেছনে ভারতের হাত রয়েছে। তবে ভারত সেই অভিযোগ অস্বীকার করে।