কাতার কার্যালয় প্রধানের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে আফগানিস্তানের তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সৈয়দ তায়্যিব আগা পদত্যাগ করেছেন। তালেবানপ্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নতুন উত্তরসূরি নিয়ে অন্তর্কোন্দলের জের ধরে এই পদত্যাগের ঘোষণা এল। খবর বিবিসির।
তালেবান নেতা তায়্যিব এক বিবৃতির মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণার পাশাপাশি মোল্লা আখতার মনসুরকে সংগঠনের নতুন প্রধান হিসেবে ঘোষণা করারও সমালোচনা করেছেন। সৈয়দ তায়্যিব আগা তালেবানের সবচেয়ে কম বয়সী নেতাদের একজন।
সংগঠনের পক্ষ থেকে ২০ বছর ধরে তালেবানকে নেতৃত্ব দেওয়া মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর গত বৃহস্পতিবার তাঁর উত্তরসূরি হিসেবে মোল্লা মনসুরের নাম ঘোষণা করা হয়। তবে জঙ্গি সংগঠনটির কিছু নেতা বলেছেন, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে তাঁদের সঙ্গে পরামর্শ করা হয়নি।
অতীতে মোল্লা ওমরের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনকারী তায়্যিব আগা বলেছেন, দলের মধ্যে ‘সম্ভাব্য ভবিষ্যৎ বিতর্ক’ এড়াতেই তিনি পদত্যাগ করছেন। তিনি বলেন, ‘বাইরের দেশ থেকে এবং বাইরের দেশে বসবাসকারী লোকজনের’ মাধ্যমে নতুন নেতা নির্বাচনের বিষয়টি ‘একটি ঐতিহাসিক ভুল’। ‘বাইরের দেশ’ বলতে তিনি সম্ভবত পাকিস্তানকে বুঝিয়েছেন। মোল্লা মনসুরকে তালেবানের নতুন নেতা বানানোর ক্ষেত্রে পাকিস্তান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি ‘চক্রের’ প্রভাব ছিল বলে বিভিন্ন সূত্র দাবি করে আসছে।
তায়্যিব আগা বলেন, তালেবানের সব বিষয় আফগানিস্তানের ভেতর থেকেই নির্ধারণ করা উচিত। মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রায় দুই বছর ‘গোপন রাখারও’ সমালোচনা করেন তিনি।
আফগান সরকার সম্প্রতি জানায়, মোল্লা ওমর ২০১৩ সালে পাকিস্তানের করাচির একটি হাসপাতালে মারা যান। এর পরপর তালেবানও বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে। তবে ঠিক কখন, কোথায় ও কী কারণে তিনি মারা গেছেন, তা সুনির্দিষ্ট করেনি তারা।
২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানে আফগানিস্তানের ক্ষমতা থেকে উচ্ছেদ হয় কট্টরপন্থী তালেবান। এরপর থেকে অবশ্য মার্কিনসহ ন্যাটো বাহিনী ও আফগান সরকারের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে আসছে তারা। রাজনৈতিক আলোচনা প্রক্রিয়ার অংশ হিসেবে ২০১৩ সালে কাতারে কার্যালয় খোলে তালেবান। এই কার্যালয়ের প্রতিনিধিরা আফগান সরকার ও সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর সঙ্গে শান্তি আলোচনায় যোগ দিয়ে আসছেন।
তরুণ তালেবান নেতা তায়্যিবের পদত্যাগের ঘটনাটি জঙ্গি সংগঠনটির মধ্যে চিড় ধরার সাম্প্রতিকতম ইঙ্গিত। নতুন নেতৃত্ব নিয়ে এরই মধ্যে সংগঠনটির ভেতরে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তালেবানের অন্তত একটি পক্ষ মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে তাঁর উত্তরসূরি করার পক্ষে ছিল। কিছু তালেবান সদস্য এরই মধ্যে বলেছেন, মোল্লা মনসুরকে সবাই সমর্থন দিয়ে নেতা করেননি। তাঁদের বক্তব্য, তালেবানের সর্বোচ্চ পরিষদের সব সদস্যের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মতপার্থক্যের খবর উড়িয়ে দিতে তালেবানের অন্য পক্ষগুলো গত সোমবার কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তালেবান সদস্যদের মোল্লা মনসুরের প্রতি আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। নতুন নেতার প্রতি সমর্থনের পাল্লা ভারী দেখাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার পর পাকিস্তানের মধ্যস্থতায় জুলাইয়ে শুরু হওয়া তালেবান ও আফগান সরকারের শান্তি আলোচনা স্থগিত ঘোষণা করা হয়। নতুন নেতা মনসুর শান্তি আলোচনার পক্ষে বলেই পরিচিত। অবশ্য, গত শনিবার দেওয়া প্রথম বক্তব্যে এ শান্তি আলোচনাকে ‘শত্রুদের প্রচারণা’ বলে আখ্যা দিয়েছেন মনসুর।