কাতার সংকট নিরসনে সহায়তা করতে চায় ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লো দ্রায়াঁ গতকাল শনিবার দোহায় বলেছেন, তাঁর দেশ কাতারের সঙ্গে আরব প্রতিবেশীদের বিরোধ মেটাতে কুয়েতের মধ্যস্থতায় সহায়তা করতে চায়।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানির সঙ্গে দোহায় বৈঠকের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কুয়েতের নেতৃত্বে চলমান মধ্যস্থতা-প্রক্রিয়ায় ফ্রান্সের সহায়ক হিসেবে যুক্ত হওয়া উচিত।’
কাতারের সঙ্গে চার আরব দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসরের সংকট নিরসনে সহায়তা করতে উপসাগরীয় অঞ্চল সফর করছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। এর শুরুতে তিনি কাতারে যান। মন্ত্রী লো দ্রায়াঁ বলেন, ‘কাতার ও এর প্রতিবেশীদের মধ্যে হঠাৎ সম্পর্কের অবনতিতে ফ্রান্স খুবই উদ্বিগ্ন। ফ্রান্স বিষয়টি সমাধানের লক্ষ্যে এদের সবার সঙ্গেই কথা বলছে।’
সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ‘সংলাপ চালানো ও শান্ত থাকার’ আহ্বান জানান লো দ্রায়াঁ। তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও দেখা করেন।
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বলেন, ‘গঠনমূলক সংলাপ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে’ মধ্যস্থতার প্রতি ফ্রান্সের সমর্থনকে তাঁর দেশ স্বাগত জানায়।