কাতার সংকট নিয়ে আলোচনায় বসছে সৌদি ও মিত্ররা

জটিলতা বাড়ছে কাতার পরিস্থিতি নিয়ে। গত সোমবার নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে প্রস্তাবিত ১৩ শর্ত পূরণে কাতারকে আরও ৪৮ ঘণ্টা সময় দেয় সৌদি আরব ও তার তিন সহযোগী দেশ। সেই সময়ও শেষ হওয়ার পথে। এমন অবস্থায় পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসছে বাহরাইন, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার কায়রোতে এ অবস্থার বিষয়ে আলোচনায় বসবে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
সন্ত্রাসবাদে অর্থায়ন, আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করে সৌদি আরবসহ সাত দেশ। কাতার অবশ্য এ ধরনের অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে। পরে দোহার পক্ষ থেকে আলোচনার প্রস্তাব দেওয়া হয়। তবে এর বিপরীতে গত ২৩ জুন দোহার ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার শর্ত হিসেবে ১৩ দফার তালিকা পাঠায় সৌদি আরব ও তার সহযোগী দেশগুলো। দাবির মধ্যে ছিল কাতারের টেলিভিশন চ্যানেল আল–জাজিরা বন্ধ করতে হবে এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
তবে শর্তগুলো প্রত্যাখ্যান করলেও সংলাপে আগ্রহী বলে দোহা জানায়, শর্তগুলো আন্তর্জাতিক আইন মেনে দেওয়া হয়নি। দাবির তালিকাকে ‘যৌক্তিক বা গ্রহণযোগ্য’ নয় বলে উল্লেখ করে কাতার। শর্ত পালনে সৌদি জোট ১০ দিনের সময় বেঁধে দেয়। সেই সময় শেষ হওয়ার পর আবারও ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয় কাতারকে।
গতকাল মঙ্গলবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি এই শর্তগুলো অবাস্তব বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এটা সন্ত্রাসের বিষয় নয়। তাঁরা বাক্স্বাধীনতা বন্ধের দাবি তুলছে।’