কাতারকে ছয় নীতি গ্রহণের প্রস্তাব সৌদি জোটের

কাতারের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম আল জাজিরা বন্ধের বিষয় থেকে সরে এসেছে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো। তবে কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাতারকে ছয়টি নীতি গ্রহণের প্রস্তাব জানিয়েছে সৌদি জোট। এতে কাতার সংকট সমাধানে একটি প্রাথমিক পথ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
সন্ত্রাসবাদ ও কট্টরপন্থায় মদদ দেওয়ার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। তাদের অভিযোগ, আরব দেশগুলোর আঞ্চলিক শত্রু ইরানের সঙ্গে হাত মিলিয়ে কাতার কট্টরপন্থায় মদদ দিচ্ছে। কাতারের সরকার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এসব দেশ কাতারের সরকার-নিয়ন্ত্রিত আল-জাজিরা টেলিভিশন বন্ধ করা, ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমিয়ে দেওয়াসহ ১৩ দফা দাবি পাঠায় দোহার কাছে। দুই দফায় শর্ত পূরণের সময়সীমা বেঁধে দিলেও কাতার তা মানেনি। কাতার জানায়, শর্তগুলো অবাস্তব ও মেনে নেওয়া অসম্ভব। এরপর সম্প্রতি কাতারের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তই নেয় সৌদি আরবসহ চার দেশ।
আজ বুধবার সৌদি আরবে নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মোয়াল্লিমি বলেন, ৫ জুলাই কায়রোতে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এক বৈঠকে এ ছয়টি নীতির বিষয়ে সম্মত হয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর।
নীতিগুলোর মধ্যে রয়েছে কট্টরপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি, এ ধরনের গোষ্ঠীর জন্য অর্থায়ন এবং নিরাপদ আশ্রয়স্থল প্রতিরোধ, ঘৃণা বা সহিংসতার ছড়ায়—এমন ধরনের সব কর্মকাণ্ড স্থগিত করা। এতে আল জাজিরা বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা নেই।
এই চার দেশ মনে করে, কাতারের জন্য এগুলো গ্রহণ করা সহজ হবে। নীতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা অপরিহার্য। এই নীতিগুলোর ক্ষেত্রে কোনো আপস করা হবে না। নতুন নীতি অনুযায়ী, সন্ত্রাসে উসকানি বন্ধের বিষয়টি অপরিহার্য। তবে আল জাজিরা বন্ধের বিষয়টি অপরিহার্য নয়।
আল মোয়াল্লিমি বলেন, ‘যদি এমন হয়, এই নীতি মানতে আল জাজিরা বন্ধ করতে হবে, তাহলে ঠিক আছে। আবার যদি আল জাজিরা বন্ধ না করে এগুলো মানা যাবে, তাহলেও ঠিক আছে। মূল কথা এই শর্ত মানতে হবে।’
এই পদক্ষেপ খুবই যথাযথ হয়েছে জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী রিম আল হাশিমি বলেন, ‘আর কোনো কথা নয়, এবার আমরা উল্লেখযোগ্য পদক্ষেপ ও পরিবর্তন দেখতে চাই।’ সূত্র: ইউএনবি।