কাতারকে ১৩ শর্ত প্রতিবেশী চার দেশের

প্রতিবেশী আরব দেশগুলোর নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে চাইলে কাতারকে টেলিভিশন চ্যানেল আল-জাজিরা বন্ধ ও ইরানের সঙ্গে সম্পর্কে সীমারেখা টানাসহ ৩টি শর্ত মানতে হবে। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন গতকাল শুক্রবার এ শর্তগুলোর তালিকা দেশটিকে দিয়ে বলেছে, ১০ দিনের মধ্যে সেগুলো পূরণ করতে হবে।
অন্য শর্তগুলোর মধ্যে রয়েছে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করা ও অন্যান্য আরব দেশে নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সব ধরনের সম্পর্কছেদ করা।
প্রতিবেশী আরব দেশসহ সাতটি দেশ সম্প্রতি কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ, দেশটি সন্ত্রাসবাদে আর্থিক সহায়তা ও মদদ দিয়ে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করছে। তবে দোহা কর্তৃপক্ষ বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে। তবু দেশটি দুই সপ্তাহের বেশি সময় ধরে নজিরবিহীন কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে আছে। ফলে উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে জটিল রাজনৈতিক সংকট দেখা দিয়েছে।
প্রতিবেশী দেশগুলোর বেঁধে দেওয়া শর্তের তালিকা সম্পর্কে কাতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি বলেছেন, শাস্তিমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগ পর্যন্ত তাঁরা আলোচনা চালিয়ে যাবেন।
সৌদি আরব ও সহযোগী দেশগুলো চায় কাতারের চ্যানেল আল জাজিরা ও তার অধিভুক্ত সব প্রতিষ্ঠান বন্ধ হোক। আরবি স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে কাতারভিত্তিক আল জাজিরা সবচেয়ে জনপ্রিয়। উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর অভিযোগ, ইসলামপন্থী নানা আন্দোলনে আল জাজিরা মদদ দেয়। তবে চ্যানেলটির কর্তৃপক্ষ এ রকম অভিযোগ অস্বীকার করেছে।
এএফপি জানায়, দেশগুলোর দাবিকে ‘সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত’ এবং ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে আল-জাজিরা। গতকাল এক বিবৃতিতে সংবাদমাধ্যমটির কর্তৃপক্ষ জানায়, ‘আল-জাজিরা বন্ধের যে কোনো আহ্বান এই অঞ্চলে মতপ্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেওয়ার এবং মানুষের তথ্য অধিকার রহিত করার প্রচেষ্টা ছাড়া কিছু না বলেই আমরা মনে করি।’
সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে, কাতার যদি ১০ দিনের মধ্যে শর্তগুলো পূরণে ব্যর্থ হয়, নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবের দেওয়া সুযোগ ‘অকার্যকর’ হয়ে পড়বে।
কয়েকটি শর্ত কাতারের কাছে স্পষ্টতই অগ্রহণযোগ্য হতে পারে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী চলতি সপ্তাহে বলে দিয়েছেন, তাঁরা কোনো ধরনের ‘বিদেশি নির্দেশনা’ মেনে নেবেন না। আল জাজিরা নিয়ে আলোচনার সম্ভাবনা আগেই নাকচ করে দিয়ে থানি বলেছেন, এটা অভ্যন্তরীণ বিষয়।
প্রতিবেশী দেশগুলোর অবরোধের চাপে কাতার কার্যত ‘একঘরে’ হয়ে পড়েছে। এ অবস্থায় ন্যাটোর একমাত্র মুসলিম সদস্য দেশ তুরস্ক খাদ্যসামগ্রী ও অন্যান্য পণ্য সরবরাহের মাধ্যমে কাতারের পাশে দাঁড়িয়েছে। চলতি বছরই আঙ্কারা একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে কাতারে নিজেদের সামরিক ঘাঁটি স্থাপন করেছে। তুর্কি সংবাদমাধ্যম বলেছে, সেখানে দেশটির প্রায় ৯০ জন সেনা মোতায়েন রয়েছে।
ইরানও কাতারকে প্রতিদিন সমুদ্রপথে প্রায় ১ হাজার ১০০ টন ফলমূল ও শাকসবজি পাঠাচ্ছে। তারা কাতারের জন্য নিজেদের আকাশসীমাও খুলে দিয়েছে। নিষেধাজ্ঞার কারণে সৌদি আরবসহ কয়েকটি দেশের আকাশসীমায় কাতারের উড়োজাহাজগুলো ঢুকতে পারছে না।
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন কাতারকে ‘যুক্তিসংগত ও বাস্তবায়নযোগ্য’ শর্ত দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র এ সংকটের সমাধান চায়। তবে কাতার ‘অতিমাত্রায় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে’ এ অভিযোগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারই আহ্বান জানিয়েছেন। কাতারের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রের মিত্র। আবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটিটি কাতারেই অবস্থিত।
১৩ শর্ত কী কী
১. আল-জাজিরার সম্প্রচার বন্ধ
২. ইরানের সঙ্গে সম্পর্কচ্ছেদ
৩. ব্রাদারহুডের সঙ্গে সম্পর্কচ্ছেদ
৪. কাতারে তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ
৫. পরোয়ানাভুক্ত সন্ত্রাসের আসামি হস্তান্তর
৬. মার্কিন কালো তালিকাভুক্ত সংগঠনের অর্থায়ন বন্ধ
৭. কাতার অর্থ দিয়েছে এমন সরকারবিরোধী ব্যক্তি ও সংগঠনের তথ্য প্রকাশ
৮. জিসিসি দেশগুলোর সঙ্গে নীতির মিল রেখে চলা
৯. আল-জাজিরা, আরাবিটোয়েন্টিওয়ান এবং মিডল ইস্ট আইয়ের মতো সংবাদ প্রতিষ্ঠানের অর্থায়ন বন্ধ
১০. আর্থিক ক্ষতিপূরণ দেওয়া
১১. সৌদি আরব, ইউএই, মিসর ও বাহরাইনের সরকারবিরোধী সংগঠনের সঙ্গে যোগাযোগ বন্ধ
১২. শর্ত মেনে চলার বিষয় প্রথম এক বছর প্রতি মাসে নিরীক্ষা
১৩. নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ১০ দিনের মধ্যে শর্ত মানার বাধ্যবাধকতা