কাতারে কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে গতকাল মঙ্গলবার রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। এই বৃষ্টিপাতের পরিমাণ দেশটির বার্ষিক মোট গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি বলে জানা গেছে। বৃষ্টির কারণে রাজধানী দোহায় প্রায় অচলাবস্থা দেখা দিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, বৃষ্টির কারণে দোহার অনেক সড়ক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় স্কুল ও বিপণি বিতানগুলো। কাতারে মার্কিন দূতাবাসও বন্ধ করে দেওয়া হয়। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকায় ৮০ মিলিলিটার বৃষ্টি হয়। বিশ্বব্যাংকের তথ্য মতে, কাতারে বছরে গড়ে মোট বৃষ্টিপাতের পরিমাণ ৭৪ মিলিলিটার।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির হলে তাদের ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গাড়ির চালকদের সাবধানে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।
বৃষ্টির কারণ দূতাবাস বন্ধ করার কথা উল্লেখ করে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে দূতাবাস খুলবে।

সৌদি আরবে বন্যা: টানা বৃষ্টির কারণে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বন্যা দেখা দিয়েছে। বন্যায় একজন মারা গেছে। রিয়াদে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো স্কুল বন্ধ রয়েছে। বন্যার কারণে কিছু সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। কোনো কোনো সড়কে গাড়ি আটকা পড়ে আছে।