কাতারে শ্রমিক নিষেধাজ্ঞায় পরিবর্তন আনল ফিলিপাইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাণশিল্প খাতের জন্য বিদেশি শ্রমিকের ওপর বহুলাংশে নির্ভরশীল কাতার। ছবি: বিবিসির সৌজন্যে।
নির্মাণশিল্প খাতের জন্য বিদেশি শ্রমিকের ওপর বহুলাংশে নির্ভরশীল কাতার। ছবি: বিবিসির সৌজন্যে।

একদিন পরই কাতারে শ্রমিক না পাঠানোর সিদ্ধান্তের আংশিক পরিবর্তন এনেছে ফিলিপাইন। গতকাল বুধবার ফিলিপাইনের যেসব শ্রমিক কাতারে কাজে যাওয়ার চুক্তি করে ফেলেছেন, তাঁদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। তবে নতুন আবেদন প্রক্রিয়াকরণ স্থগিতের সিদ্ধান্ত বহাল রয়েছে।

গত মঙ্গলবার কাতার যাওয়ার ব্যাপারে শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন। আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি ও সন্ত্রাসবাদকে উসকে দেওয়ার অভিযোগে গত সোমবার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, বাহরাইন, ইয়েমেন ও লিবিয়া। পরে মালদ্বীপও কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা জানায়। সৌদি আরবসহ পাঁচটি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের কারণে নিজ দেশের শ্রমিকদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে ফিলিপাইন।

ফিলিপাইন শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, যাঁরা কাতারে শ্রমিক হিসেবে যাওয়ার চুক্তিপত্র চূড়ান্ত করে ফেলেছেন, তাঁরা যেতে পারবেন। তবে যাঁদের যাওয়ার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন, তাঁরা এখন আর যেতে পারবেন না।

ফিলিপাইনের শ্রমমন্ত্রী সিলভেস্ত্রে বেল্লো বলেন, নতুন আবেদন প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করা হবে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গত মঙ্গলবার নিষেধাজ্ঞার কারণ হিসেবে ‘ঝুঁকিপূর্ণ প্রভাব’ পড়তে পারে—এমন আশঙ্কায় নিজেদের শ্রমিকদের কাতার ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানায় ফিলিপাইন।

তবে গতকাল বুধবার কাতারে ফিলিপাইনের দূতাবাসে দোহারের পক্ষ থেকে একটি উপদেষ্টা নোটিশে পাঠানো হয়েছে। এতে বলা হয়, পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফিলিপাইনকে শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে। দোহা মনে করছে ফিলিপাইনের শ্রমিকদের এখনই নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই।

মধ্যপ্রাচ্যে ফিলিপাইনের প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন। এর মধ্যে কাতারেই আছে প্রায় ১ লাখ ৪০ হাজার শ্রমিক। ফিলিপাইনের লাখ লাখ নাগরিক বিদেশে গৃহকর্মী, জাহাজের নাবিক, নির্মাণশ্রমিক ও সেবিকা হিসেবে কাজ করেন। তাঁদের মধ্যে অনেকেই তেলসমৃদ্ধ আরব দেশগুলোর মধ্যে সৌদি আরব ও কাতারে যান। এর মধ্যে ফিলিপাইনের ১০ লাখ শ্রমিক রয়েছেন সৌদি আরবে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত বছর প্রায় ২৭ বিলিয়ন ডলার প্রবাসী আয় আসে দেশটিতে; যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১০ শতাংশ।

কাতার বিদেশি শ্রমিকদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। দেশটির জনগণের অর্ধেকেরও বেশিসংখ্যক ২৫ লাখ মানুষ কাজের জন্য অন্য দেশ থেকে কাতারে আসেন। বাংলাদেশ, ভারত ও নেপালের বিপুলসংখ্যক কর্মী কাতারে রয়েছেন। যাঁদের বেশির ভাগ নির্মাণশ্রমিক।